August 20, 2026, 6:47 am

বাসভাড়ার তালিকা সারা দেশে পৌঁছাবে আজই

বাসভাড়ার তালিকা সারা দেশে পৌঁছাবে আজই

দেশে বাসভাড়া সোমবার থেকে বাড়ানো হয়েছে। কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত নতুন ভাড়ার তালিকা মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি। তবে, আজ সন্ধ্যা ৭টার মধ্যে সারা দেশে ভাড়ার তালিকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে বিআরটিএ। বিষয়টি নিয়ে বাস মালিকরা বিআরটিএর কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ মঙ্গলবার বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাড়ার তালিকা তৈরি না করায় পরিবহন শ্রমিকদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডা চলছে। বাস মালিকরা আমাদের কাছে বার বার এ বিষয়ে অভিযোগ করছেন। এ নিয়ে আমরা চাপে আছি।

জরুরি সভায় উপস্থিত বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এ সময় বিআরটিএ মিরপুর সার্কেল অফিসের উপ-পরিচালক শহীদুল্লাহকে বলেন, আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টার মধ্যে সারা দেশে ভাড়ার তালিকা পৌঁছাতে হবে।

জবাবে উপ-পরিচালক শহীদুল্লাহ বলেন, ভাড়ার তালিকা তৈরির কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ আজ সন্ধ্যার মধ্যে অন্তত ঢাকা শহরের সব জায়গায় ভাড়ার তালিকা পৌঁছে দেওয়া হবে।

জরুরি সভায় উপস্থিত বিআরটিএর নির্বাহী হাকিম সারোয়ার আলম বলেন, বাস-মিনিবাসে ভাড়ার হার দৃশ্যমান থাকলে এ নিয়ে বাগবিতণ্ডা কমবে। কোন রুটের ভাড়া কত বিষয়টি শ্রমিক ও যাত্রীদের জানা থাকলে তা নিয়ে বাগবিতণ্ডার সম্ভাবনা কমে যাবে। মহাখালী বাস টার্মিনালে আজ অভিযান পরিচালনার সময় গাড়িতে ভাড়ার তালিকার গুরুত্ব বুঝতে পেরেছি।

সভার সিদ্ধান্তের কথা জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, দ্রুত সময়ের মধ্যে সারা দেশে নতুন ভাড়ার তালিকা পৌঁছে দেওয়া হবে। এ ক্ষেত্রে বিআরটিএকে সহযোগিতা করবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এছাড়া সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকেও এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com