August 21, 2026, 7:54 am

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে বিকেল ৫টায় পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান,
ডিজেলচালিত বাসের ভাড়া সোমবার (৮ নভেম্বর) থেকে বাড়ছে। দূরপাল্লায় প্রতি কিলোমিটারে তা হবে ১ টাকা ৮০ পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারে বেড়ে হচ্ছে দুই টাকা ১৫ পয়সা।

তিনি জানান, সোমবার থেকে নতুন ভাড়ার হার কার্যকর হবে। এজন্য আজ প্রজ্ঞাপন জারি করা হবে। ঢাকায় মিনিবাসের সর্বনিম্ন ভাড়া হচ্ছে ৮ টাকা। আর বড় বাসের সর্বনিম্ন ভাড়া হচ্ছে ১০ টাকা।

এদিকে ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ানো হলেও সিএনজিচালিত বাস ও মিনিবাসের আগের ভাড়াই কার্যকর রয়েছে। অন্যদিকে, ভাড়া বাড়ানোর দাবি মেনে নেওয়ার পর থেকে যাত্রীবাহী পরিবহনের অঘোষিত ধর্মঘট প্রত্যাহার করা হলেও পণ্যবাহী ট্রাকের ধর্মঘট অব্যাহত রয়েছে। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দাবি, জ্বালানি তেলের দাম না কমলে ট্রাক চালানো হবে না।

পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান জানান, জ্বালানি তেলের দাম না কমা পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত রাখবেন তারা। বিআরটিএ সদর দফতরে ভাড়া পুনর্নির্ধারণের বৈঠক হয়েছে। সেই বৈঠকে তারা অংশ নেননি। এছাড়া সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি মকবুল আহমেদ বলেন, আমরা ধর্মঘট প্রত্যাহার করব না। তেলের দাম কমলেই ধর্মঘট প্রত্যাহার করব। এছাড়া আমরা ধর্মঘট প্রত্যাহার করব না।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com