October 14, 2026, 4:52 pm

তেলের মূল্যবৃদ্ধি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী

তেলের মূল্যবৃদ্ধি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী

লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে তার বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধে সরকার অনিচ্ছা সত্ত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনর্নির্ধারণ করেছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কাদের বলেন, ‘তবে এ ক্ষেত্রে শেখ হাসিনা সরকার সব সময়ই জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আগামীকাল বিআরটিএর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠকে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্য স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন। বৈঠকে সবার সঙ্গে আলাপ-আলোচনা করে জনগণের ওপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে, সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত থাকবে।’

মন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, ‘মূল্য সমন্বয়ের এই অজুহাতে কেউ যেন অন্যায়ভাবে দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে, সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসহ সবাইকে সতর্ক থাকতে হবে।’

ওবায়দুল কাদের আবারও পরীক্ষার্থী, চাকরিপ্রার্থী ও পণ্যপরিবহনসহ জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য পরিবহন মালিক-শ্রমিক নেতাদের প্রতি অনুরোধ জানান।

বুধবার রাত থেকে দেশে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা করে বাড়িয়ে দেয় সরকার। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে তেলের দাম না কমানো ও ভাড়া পুনর্নির্ধারণ না করা পর্যন্ত ধর্মঘট শুরু করে পণ্য পরিবহন অ্যাসোসিয়েশন এবং বাস মালিক-শ্রমিক সমিতি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com