October 13, 2026, 2:46 pm

ভারতে ইলিশ রপ্তানি করা যাবে ৩ নভেম্বর পর্যন্ত

ভারতে ইলিশ রপ্তানি করা যাবে ৩ নভেম্বর পর্যন্ত

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সময়সীমা আগামী ৩ নভেম্বর। আজ প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ে (সিসিআইই) চিঠি পাঠিয়ে নতুন সময়সীমার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দুর্গাপূজা শেষ হয়েছে ১৫ অক্টোবর।

বাণিজ্য মন্ত্রণালয় গত মাসে ২ দফায় ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল ১১৫ প্রতিষ্ঠানকে। প্রতিটি প্রতিষ্ঠান গড়ে রপ্তানি করার সুযোগ পেয়েছে ৪০ টন ইলিশ। রপ্তানির শেষ সময় ছিল ৩ অক্টোবর।
সিসিআইইকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত ২৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপন জারি করে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, কেনাবেচা ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করে। সে জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো ইলিশ রপ্তানির শেষ করতে পারেনি। ফলে অনুমোদন করা বাকি ইলিশ রপ্তানি করা যাবে।

তবে ইলিশ রপ্তানির ক্ষেত্রে কয়েকটি শর্ত আছে। বলা হয়েছে, বিদ্যমান রপ্তানি নীতি ২০১৮-২১-এর বিধিবিধান মানতে হবে। শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে কায়িক পরীক্ষা করাতে হবে রপ্তানি করা ইলিশের। প্রতিটি চালান (কনসাইনমেন্ট) শেষে রপ্তানিসংক্রান্ত কাগজপত্র দাখিল করতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ে।

এ ছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না। অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়। অনুমোদিত রপ্তানিকারক ছাড়া ঠিকায় (সাবকন্ট্রাক্ট) রপ্তানি করা যাবে না।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com