October 13, 2026, 2:46 pm
কুমিল্লায় পূজামণ্ডপের প্রতিমার পায়ে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় ধর্ম অবমাননার দায়ে অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে এক যুবককে কক্সবাজার সৈকত এলাকা থেকে আটক করেছে কক্সবাজার জেলা পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ওই যুবককে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম।
কুমিল্লা পুলিশের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে জানিয়ে মো. রফিকুল ইসলাম বলেন, আটক যুবক ইকবাল কিনা তা নিশ্চিত হতে- তার পরিচয় যাচাই-বাছাই চলছে। তাকে কুমিল্লা পাঠানো হবে।
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে ইকবাল সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে কুমিল্লা আনা হচ্ছে। আনার পর জানা যাবে তিনি সেই ইকবাল কি না।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ইকবালকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনো অফিশিয়ালি আমাকে জানানো হয়নি।
এর আগে সিসিটিভির ফুটেজ দেখে কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখা ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। সন্দেহভাজন ইকবাল হোসেন নামের সেই যুবককে খুঁজছিল পুলিশ ও গোয়েন্দারা।
বুধবার অভিযুক্ত ইকবালের একটি ভিডিও গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরে বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমের কাছে কয়েকটি সিসিটিভির সমন্বয়ে করা একটি ভিডিও এসে পৌঁছায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিজ্ঞ টিম দীর্ঘক্ষণ ফুটেজগুলো পর্যবেক্ষণ করেছে বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।
পুলিশ বলছে, ইকবাল দারোগাবাড়ি মসজিদ ও মাজার থেকে কুরআন হাতে নিয়ে নগরের বিভিন্ন এলাকা ঘুরে তারপর পূজামণ্ডপে রাখেন।
প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন গত বুধবার (১৩ অক্টোবর) ভোরে কুমিল্লা শহরের নানুয়াদিঘির উত্তরপাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় কিছু লোক। এর প্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।