October 13, 2026, 2:00 pm

বেসরকারি খাতের উন্নয়নে আইএফসিকে সহজ শর্তে ঋণের অনুরোধ

বেসরকারি খাতের উন্নয়নে আইএফসিকে সহজ শর্তে ঋণের অনুরোধ

বেসরকারি খাতের উন্নয়নে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনকে (আইএফসি) সহজ শর্তে ঋণ দেওয়ার অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার (১৮ অক্টোবর) বিশ্ব ব্যাংক-আইএমএফ’র বার্ষিক সভা-২০২১ এর সাইড লাইনে বাংলাদেশ প্রতিনিধিদল এবং আইএফসির প্রতিনিধিদলের মধ্যে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের এবং আইএফসির ম্যানিজং ডিরেক্টর মি. মাখটির ডিয়োপ তাদের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সভায় বাংলাদেশ প্রতিনিধিদলে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিনসহ অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি অংশগ্রহণ করেন।

অর্থমন্ত্রী তার বক্তব্যে, ২০১৯ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জে ‘বাংলা বন্ড’ ইস্যু করার জন্য আইএফসির প্রশংসা করেন। কোভিড-১৯ মহামারির সময় বেসরকারি খাতে বিনিয়োগ সহযোগিতা অব্যাহত রাখায় আইএফসির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় অর্থমন্ত্রী করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও গত বছর বাংলাদেশের ধনাত্মক জিডিপি প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।

অর্থমন্ত্রী আইএফসিকে বেসরকারি খাতের উন্নয়নে অনশোর টাকা বন্ড, পিপিপিসহ অন্যান্য ক্ষেত্রে সহজ শর্তে ঋণ প্রদানের অনুরোধ করেন।

তিনি ২০৩১ সালে মধ্যম এবং ২০৪১ সালে উন্নত দেশ গড়তে বিপুল বিনিয়োগের বিষয়টি তুলে ধরে আইএফসিকে বাংলাদেশে পিপিপির মাধ্যমে বিনিয়োগে প্রয়োজনীয় কারিগরি সহায়তার জন্য অনুরোধ জানান।

একই সঙ্গে আইএফসিকে বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য এগিয়ে আসতে অনুরোধ জানান। আইএফসি বাংলাদেশের সঙ্গে তাদের ভবিষ্যৎ পার্টনারশিপ আরও সংহত করার আশাবাদ ব্যক্ত করে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com