October 13, 2026, 1:18 pm

বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ: আইসিসিবি

বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ: আইসিসিবি

তলাবিহীন ঝুড়ি থেকে পাঁচ দশকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। সোমবার (১০ অক্টোবর) ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) প্রকাশিত এক নিউজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

আইসিসিবি বুলেটিনে বলা হয়, পাঁচ দশকে বাংলাদেশ বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিতে পরিণত করেছে। করোনার প্রাদুর্ভাবের আগে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছিল, যা কখনো কখনো ৭ থেকে ৮ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করে।

বুলেটিনে আরও বলা হয়, ৪০ বছরেরও কম সময়ে দেশের পোশাক শিল্প সাম্প্রতিক দশকগুলোতে অন্যতম সাফল্যের গাথা হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে পোশাক রপ্তানি থেকে বছরে ৩৫ বিলিয়ন ডলারের বেশি আয় করে। দেশের বেশ কয়েকটি ওষুধ কোম্পানি ১১৯টি উন্নত ও উন্নয়নশীল দেশে ওষুধ রপ্তানি শুরু করেছে।

বাংলাদেশ চামড়াজাত পণ্য, হস্তশিল্প, কৃষি পণ্য, সমুদ্রগামী জাহাজ, সফটওয়্যার ইত্যাদি রপ্তানি করে। ২০২১ সালে মোট রপ্তানি আয় ছিল ৩৮ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ২০১৫ সালে নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে এবং জাতিসংঘের ‘স্বল্পোন্নত দেশের’ তালিকা থেকে বেরিয়ে আসার পথে রয়েছে।

৩০৫ বিলিয়ন ডলারের বেশি জিডিপি নিয়ে বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৪১তম বৃহত্তম অর্থনীতির দেশ। পূর্বাভাস বলছে, অদূর ভবিষ্যতে এ অর্থনীতির আকার দ্বিগুণ হতে পারে। জিডিপি বাড়ার পাশাপাশি এখন মাথাপিছু আয়ও ক্রমাগত বেড়েছে (২,২২৭ মার্কিন ডলার)। দারিদ্র্য হ্রাস করার ক্ষেত্রে সাফল্য বিশ্বসেরাদের মধ্যে অন্যতম।

বুলেটিনে বলা হয়, দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার কাছাকাছি পৌঁছেছে। ২০২০ সালে জিডিপিতে শিল্পের অংশ ছিল ২৮ দশমিক ৭৯ শতাংশ এবং জিডিপিতে এসএমইর অংশ প্রায় ২৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com