August 22, 2026, 2:51 pm

‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে পাশে থাকবে এডিবি

‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে পাশে থাকবে এডিবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ও আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে অর্থনৈতিকসহ সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।

সোমবার (১১ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশে নবনিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর ইডিমোন গিনটিন এবং বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এ কথা জানান।

মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরের সব সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই বৃহৎ কার্যক্রমে এডিবি অর্থায়নসহ কারিগরি সহযোগিতা দেবে বলে মন্ত্রীকে অবহিত করেন বিদায়ী ও নতুন যোগ দেওয়া কান্ট্রি ডিরেক্টর।

স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নয়নে সহযোগিতা করার জন্য বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া নতুন যোগ দেওয়া কান্ট্রি ডিরেক্টরও বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এডিবিকে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক খাতে ব্যাপক অবদান রেখে যাচ্ছে। তাদের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com