October 12, 2026, 3:02 am

২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩ এর নিচে

২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩ এর নিচে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৭৩ জনে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনে।

রোববার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ১৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২৪৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৭ লাখ ৯৪ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশ এবং মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৯ জন। এ সময় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৭ জন করে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগে ২ জন করে মোট ৪ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com