October 12, 2026, 2:19 am

সরকার ও বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছি : মুফতি কাজী ইব্রাহীম

সরকার ও বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছি : মুফতি কাজী ইব্রাহীম

আদালতে রিমান্ড শুনানি চলাকালে মুফতি কাজী ইব্রাহিম বলেন, আমি দেশ, সরকার ও বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছি। আমি তাদের বিরুদ্ধে কথা বলিনি। এই সোনার বাংলাদেশ ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। এ দেশের ক্ষতি আমরা চাই না।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে তিনি এসব কথা বলেন।

মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, মুফতি কাজী ইব্রাহীম একজন স্বনামধন্য আলেম। তিনি হাদিসের বিশারদ। তিনি দেশ ও সরকারের নামে কোনো উস্কানিমূলক কথা বলেনি। তার কথায় সরকার পতন হয়ে যাবে, সরকার এতটা দুর্বল নয়। তাকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

আইনজীবী আব্দুর রাজ্জাক আরও বলেন, গত ২৭ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়েছে। ওই সময় তাকে জিজ্ঞাসাবাদ করে রিমান্ডের ফরওয়ার্ডিং পুঙ্খানুপুঙ্খভাবে সব লিখে দেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে আর কোন তথ্য উদঘাটন করা হবে? রিমান্ডে নিলে শুধু নির্যাতনই করা হয়। এছাড়া আর কিছুই না। দয়া করে রিমান্ড নামঞ্জুর করা হোক।

অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন বিরোধিতা করেন বলেন, মুফতি কাজী ইব্রাহীম দেশ ও সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। যা দেশের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তিনি দেশে অস্থিতিশীলতা তৈরি করেছিলেন। তার সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করা হোক।

এরপর উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ডিএমপির ডিবি উত্তরের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন। বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল লতিফ।

তিনি বলেন, ইউটিউব-ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে নানান বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ডিবি পুলিশের এক কর্মকর্তা।

গতকাল মঙ্গলবার রাতে জেড এম রানা নামে একজন বাদী হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন।

সম্প্রতি ওয়াজ মাহফিল, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মুফতি ইব্রাহীম বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com