October 12, 2026, 12:56 am

নির্দিষ্ট সময়ের আগেই আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব : পাটমন্ত্রী

নির্দিষ্ট সময়ের আগেই আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব : পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, সরকারের উন্নয়নের গতি এতই বেশি, আমরা নির্দিষ্ট সময়ের আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হব। শেখ হাসিনা আমাদের মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। ইনশাল্লাহ আমরা চাচ্ছি তার জীবদ্দশায় এদেশকে যেন উন্নত রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারি।

রোববার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন স্মৃতি পরিষদ আয়োজিত তার ৩৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর বলেন, বিএনপির আমলে ব্যবসা করতে গিয়ে বিদ্যুৎ পাওয়া যেত না। বিদ্যুৎ ছাড়া শিল্পায়ন হয় না। শেখ হাসিনা এসে সেই বিদ্যুতের সমস্যা সমাধান করছেন। এখন আর লোডশেডিং হয় না। আগে ঘনঘন লোডশেডিং হতো। সন্ধ্যা হলেই আমরা মোমবাতি, হারিকেন কেরোসিন কিনে আনতাম। এখন মোমবাতিও কিনতে হয় না, হারিকেনও জ্বালাতে হয় না, কেরোসিনও আনতে হয় না। আগে রাস্তাঘাটে জেনারেটরের শব্দ শোনা যেত, এখন আর তা শোনা যায় না। আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছি।

তিনি বলেন, আজ চারদিকে উন্নয়ন আর উন্নয়ন। বিদ্যুৎ ও রাস্তাঘাটের উন্নয়ন করায় দেশে শিল্পায়ন হয়েছে। এই শিল্পায়নের কারণে দেশে অর্থায়ন গড়ে উঠেছে। শেখ হাসিনা আমাদের মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন।

শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের স্মৃতিচারণ করে পাটমন্ত্রী বলেন, তিনি মাঠে থেকে সংগ্রাম করেছেন। মাঠে থেকে সংগ্রামের কারণে তাকে জীবন পর্যন্ত দিতে হয়েছিলেন। তার এই ত্যাগের কারণে তৎকালীন স্বৈরশাসকের ভিত্তি নড়ে গিয়েছিল। ফলে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। তিনি বড় মাপের একজন নেতা হয়েও সব সময় মাঠে সংগ্রাম করে গেছেন।

স্মরণ সভায় শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের মেয়ে ​মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ মেহের আফরোজ চুমকি বলেন, শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন শুধু রাজনীতিবিদই ছিলেন না, তিনি বিশ্বমানের সমাজসেবক ছিলেন। তার হাত ধরে এদেশে রেড ক্রিসেন্ট এসেছে। পরিবার পরিকল্পনার মতো প্রকল্প তিনি যুদ্ধের পরপরই উপলব্ধি করতে পেরেছিলেন। সে বিষয়ে তিনি বঙ্গবন্ধুকে পরামর্শ দিয়েছিলেন। এদেশে তিনি বিনা সুদে মাইক্রো ক্রেডিট চালু করতে চেয়েছিলেন।

মেহের আফরোজ চুমকি বলেন, যখন তিনি কাজের জন্য প্রস্তুত ছিলেন তখনই তাকে হত্যা করা হয়। হত্যাকারীদের ১৩ জনের ১২ জনই পরবর্তীতে বিএনপির নেতা হয়েছিলেন। আল্লাহতালা মহান ব্যক্তিদের অসম্পূর্ণ কাজ তার রক্ত যাদের মাঝে বহমান তাদের দিয়ে করান। শেখ হাসিনা যেমন বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তেমনি আমিও সুযোগ পেয়েছি আমার পিতার কাজগুলো সম্পন্ন করতে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com