October 12, 2026, 12:14 am

৬০ লাখ টাকা বিল বাকি, ইভ্যালির বিরুদ্ধে আরও একটি মামলা হচ্ছে

৬০ লাখ টাকা বিল বাকি, ইভ্যালির বিরুদ্ধে আরও একটি মামলা হচ্ছে

বিভিন্ন নাটক ও অনুষ্ঠানের স্পন্সর ও ব্র্যান্ডিং বাবদ ইভ্যালি থেকে প্রায় ৬০ লাখ টাকা পাবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট ও ক্রাউন ক্রিয়েশন্স। পাওনা এই টাকা আদায়ে এবার আইনের আশ্রয় নিতে যাচ্ছে প্রতিষ্ঠান দু’টি।

ক্রাউন এন্টারটেইনমেন্টের ডেপুটি সিইও মো. তাজুল ইসলাম ও ক্রাউন ক্রিয়েশন্সের সিওও সৈয়দ ইকবাল স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে ইভ্যালির নিয়োজিত বিজ্ঞাপনী এজেন্সি ফ্যাক্টর থ্রি সলিউশনস ও সরাসরি ইভ্যালির কার্যাদেশ অনুযায়ী বিভিন্ন নাটক-অনুষ্ঠানের ইভ্যালি স্পন্সর করে। এর প্রেক্ষিতে নিয়মমাফিক বিল জমা দেওয়ার পর আংশিক টাকা পরিশোধ করা হয়েছে। এরইমাঝে ইভ্যালির কাছে আমাদের প্রতিষ্ঠানের বকেয়া পাওনা ৬০ লাখ টাকার বেশি দাঁড়িয়েছে; যা পরিশোধের ক্ষেত্রে ইভ্যালি কর্তৃপক্ষ নানা ধরনের টালবাহানার মাধ্যমে কালক্ষেপণ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, এরইমাঝে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল প্রতারণার একাধিক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন। ইভ্যালির পক্ষ থেকে আমাদের এই বিপুল অংকের টাকা পরিশোধের ব্যাপারে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা নানান ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছেন এবং তাদের প্রতিষ্ঠান আর্থিকভাবে স্বচ্ছল না হওয়া পর্যন্ত আমাদের পাওনা টাকা পরিশোধে অপারগতা দেখাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিষ্ঠান পাওনা টাকা আদায়ের লক্ষে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন, ব্যবস্থাপনা পরিচালক ও মোহাম্মদ রাসেলসহ ওই প্রতিষ্ঠানের কর্মরত প্রশাসন, হিসাব ও অন্যান্য বিভাগের কর্মকর্তাসহ ইভ্যালির বিজ্ঞাপনী এজেন্সি ফ্যাক্টর থ্রি সলিউশন্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমাদের আইনজীবীকে পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্প্রতি ইভ্যালিসহ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে লাখ লাখ গ্রাহক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর বাংলাদেশে ই-কমার্স খাতে ব্যাপক বিশৃঙ্খলার বিষয়টিও সামনে আসে।

১৬ সেপ্টেম্বর ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলাটি হওয়ার পর ওইদিন বিকেলেই রাসেলকে গ্রেফতার করে র‌্যাব।

এরপর ধানমন্ডি থানায় একটি মামলা হয়। ২১ সেপ্টেম্বর রাসেল দম্পতির নামে চেক জালিয়াতির মামলা হয় যশোরে। আর ২২ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট( সিএমএম) আদালতে আরেকটি মামলা দায়ের হয় প্রতারণার অভিযোগ ওঠা প্রতিষ্ঠানটির কর্ণধারদের বিরুদ্ধে।

এখন ক্রাউন এন্টারটেইনমেন্ট ও ক্রাউন ক্রিয়েশন্সও যদি ইভ্যালির নামে মামলা করে তাহলে ইভ্যালির বিরুদ্ধে মামলার সংখ্যা আরও বাড়ছে।

এদিকে ইভ্যালির বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও এখনও প্রতিষ্ঠানটির পাশে থাকতে চাইছেন অনেকে। আজও রাসেল এবং শামীমা নাসরিনের মুক্তির দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে মানববন্ধন করা হয়েছে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com