October 13, 2026, 7:38 am

সুইজারল্যান্ডের জেনেভায় ‘রোড শো’ আজ

সুইজারল্যান্ডের জেনেভায় ‘রোড শো’ আজ

দেশে বিদেশী বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে সুইজারল্যান্ডে জেনেভায় অনুষ্ঠিত হবে ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শিরোনামে ‘রোড শো’।

এই রোড শো’তে বাংলাদেশের শেয়ারবাজারসহ সার্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। এর আগে গত ২০ সেপ্টেম্বর জুরিখে রোড শো অনুষ্ঠিত হয়।

জানা গেছে, জেনেভার স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময়: রাত ৯ টা) রোড শো এর কার্যক্রম শুরু হয়ে তা শেষ হবে রাত ৮ টায় (বাংলাদেশ সময়: ১২ টা)।

আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের ব্যাপ্তি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোড শো’তে সুইজারল্যান্ডে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডারদের কাছে বাংলাদেশের শেয়ারবাজারসহ সার্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে। এবারের আয়োজনে দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে কিছু বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। প্রবাসীরা কীভাবে শেয়ার বাজারে সরাসরি বিনিয়োগ করবে সেই কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হয়েছে জুরিখে অনুষ্ঠিত রোড শোতে, এবার জেনেভায়ও এসব বিষয় তুলে ধরা হবে।

দেশের শেয়ারবাজারে বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও শহরগুলোতে ধারাবাহিক রোড শো করার পরিকল্পনা করা হয়েছে। এর আগে দুবাই ও যুক্তরাষ্ট্রে ‘রোড শো’ আয়োজন করা হয়েছিল।

এদিকে, সুইজারল্যান্ডে রোড শো সফলভাবে সম্পন্ন করার পর রাশিয়া, লন্ডন, রোম, টরেন্টো, হংকং, সিঙ্গাপুর, টোকিও, মালয়েশিয়াসহ বিভিন্ন উন্নত শহরে ভবিষ্যতে এই আয়োজনের পরিকল্পনা রয়েছে বিএসইসির।

এবারের রোড শোতে অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশনের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, বেপজার নির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আলমগীর হোসেন ছাড়াও বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে অংশ নেবেন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান ও মো. মাহবুবুল আলম, পরিচালক মাহমুদুল হক ও উপ-পরিচালক মোহাম্মদ রাশিদুল আলম।

সংশ্লিষ্টরা বলছেন, সুইজারল্যান্ডে অবস্থান করা সম্পদশালী অনেক বাংলাদেশি রয়েছেন। যাদের প্রচুর অলস অর্থ রয়েছে। কিন্তু তারা বিনিয়োগ করার মতো কোনো উপযুক্ত জায়গা খুঁজে পান না। যথাযথ পরামর্শ-সহায়তা দিলে প্রবাসীদের সুনিশ্চিত বিনিয়োগের পরিবেশ তৈরি হবে। তাদের সঞ্চিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে দেশের শিল্পায়নে কাজে লাগানোর সুযোগ রয়েছে। সুইজারল্যান্ডে অবস্থানরত বিনিয়োগকারীদের বিনিয়োগের সুযোগ করে দিতে আরও ডিজিটাল বুথ চালু করা যেতে পারে। এতে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা সরাসরি শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com