October 12, 2026, 12:15 am

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলনের দায়িত্ব পেলো চীনা প্রতিষ্ঠান

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলনের দায়িত্ব পেলো চীনা প্রতিষ্ঠান

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলনের দায়িত্ব পেয়েছে চীনা প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়াম। ৬ বছরের জন্য ১ হাজার ৪৯ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮২ টাকায় প্রতিষ্ঠানটিকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এছাড়া ১৩ কোটি ৮২ লাখ মানুষকে টিকাদানের লক্ষ্যে ১১ কোটি এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সংখ্যক অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ মেসার্স জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড থেকে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত ৮০ হাজার টন জ্বালানি তেল জরুরি বিবেচনায় জি-টু-জি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন আহ্বানের মাধ্যমে আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ৪র্থ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১০৯ কোটি ৩৩ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

২০২২ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ৮ম ও ৯ম শ্রেণি, এসএসসি ভোকেশনাল, ইবতেদায়ি (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি), দাখিল (৮ম ও ৯ম শ্রেণি) এবং দাখিল ভোকেশনাল স্তরের ১০ লাখ ৮৬ হাজার ২৪৮ কপি বই দরদাতা প্রতিষ্ঠান সিডনা প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন দুটি লট এবং মৌসুমী অফসেট প্রেসের নিকট থেকে ১ কোটি ৮১ লাখ ৯৩ হাজার ৩২৩ টাকায় মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া ২০২২ শিক্ষাবর্ষের জন্য আরও কিছু শ্রেণির বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

‘রাজশাহী বিশ্ববিদ্যালয় ভৌত অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ২০তলা বিজ্ঞান ভবন নির্মাণ কাজে ১৫৩ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৬৪৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহাসড়কের কুষ্টিয়া শহরাংশ ৪-লেনে উন্নীতকরণসহ অবশিষ্টাংশ যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের কাজে ১৪৭ কোটি ২৪ লাখ ৩৪ হাজার ৪১৪ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, ময়মনসিংহ জোন’ প্রকল্পের কাজে ৬৫ কোটি ৭ লাখ ৫৭ হাজার ৪৪৪ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। খুলনা জেলার তেরখাদা উপজেলায় ৫০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সোলার বিদ্যুৎ প্রকল্প স্থাপন কাজে ২০ বছর মেয়াদে আনুমানিক ১ হাজার ৩২৮ কোটি ৯০ লাখ টাকা ব্যয় হবে। এটিরও অনুমোদন দেওয়া হবে।

চট্টগ্রামের শিকলবাহা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের কাজে ১০২ কোটি ৯৪ লাখ ৪৩ হাজার ৬৯২ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির জন্য ১৭৯ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৩৭৫ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com