October 13, 2026, 5:57 am

রফতানিতে ভর্তুকির আবেদনের সময় বাড়ল

রফতানিতে ভর্তুকির আবেদনের সময় বাড়ল

কোভিড-১৯ পরিস্থিতিতে যেসব রফতানিকারক নির্ধারিত সময়ে নগদ সহায়তার আবেদন করতে পারেনি তাদের জন্য ৪৫ দিন সময় বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া পাটজাত পণ্য ও দেশীয় বস্ত্রখাতের রফতানিতে নগদ সহায়তা-ভর্তুকির আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রফতানিকারক অ্যাসোসিয়েশনের ইস্যু করা প্রত্যয়ন সনদ দাখিল করতে হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতিতে নগদ সহায়তার আবেদন করতে পারেনি অনেক রফতানিকারক। ভর্তুকি বা নগদ সহায়তার যেসব আবেদন নির্ধারিত সময়ে রফতানিকারক কর্তৃক দাখিল করা সম্ভব হয়নি এ সার্কুলার জারির ৪৫ দিনের মধ্যে সেসব আবেদন দাখিল করতে পারবে।

অপর সার্কুলার বলা হয়েছে, রফতানিমুখী দেশীয় বস্ত্রখাতে নগদ সহায়তার আবেদনপত্রের সাথে অ্যাসোসিয়েশনের সনদপত্র দাখিল করতে হবে। নগদ সহায়তার আবেদনপত্রের সাথে দাখিলযোগ্য সার্টিফিকেট অব প্রোডাকশন বিটিএমএ-র সেক্রেটারি জেনারেলের সমতুল্য পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা কর্তৃক ইস্যু করা যাবে।

বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা আরেক নির্দেশনায় বলা হয়, পাটজাত পণ্য রফতানির বিপরীতে রফতানি ভর্তুকির আবেদনের সাথে রফতানিকারক অ্যাসোসিয়েশনের ইস্যু করা প্রত্যয়ন সনদ দাখিল করতে হবে।

এতে আরও বলা হয়, অগ্রিম রফতানিমূল্য প্রত্যাবাসন ব্যবস্থায় পাটজাত পণ্য রফতানির বিপরীতে ভর্তুকির আবেদন দাখিলের ক্ষেত্র ছাড়াও প্রচলিত ব্যবস্থায় রফতানিমূল্য প্রত্যাবাসনের ক্ষেত্রে পাটজাত পণ্য রফতানির বিপরীতে রফতানি ভর্তুকির আবেদনের সাথে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএসএ) ও বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) এর স্ব স্ব সদস্যদের অনুকূলে ইস্যু করা প্রত্যয়ন সনদ দাখিল করতে হবে। এ নির্দেশনা জারির তারিখ থেকে জাহাজি করা পাটজাত পণ্য রফতানির বিপরীতে ভর্তুকির আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com