July 11, 2026, 8:42 am

ইউরিয়া সংরক্ষণে নতুন গোডাউন স্থাপনের তাগিদ

ইউরিয়া সংরক্ষণে নতুন গোডাউন স্থাপনের তাগিদ

ব্যাগড ইউরিয়া স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর জন্য নতুন গোডাউন স্থাপনের তাগিদ দিয়েছেন শিল্পসচিব জাকিয়া সুলতানা। তিনি আরও বলেছেন, পুরো প্ল্যান্ট এলাকার কার্যক্রম মনিটরিং ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। কাফকোয় কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং ডাটাবেইজ প্রস্তুত করতে হবে।

শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বিসিআইসির আওতাধীন চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কারখানা পরিদর্শনের পর এক মতবিনিময় সভায় শিল্পসচিব জাকিয়া সুলতানা এসব কথা বলেন। এ সময় শিল্প মন্ত্রণালয় এবং কাফকো, সিইউএফএল ও ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পসচিব বলেন, সারের উৎপাদন অব্যাহত রাখার জন্য মেশিনারিজ ও ইকুইপমেন্টগুলো প্রয়োজনীয়তার নিরিখে বিসিআইসির সঙ্গে যোগাযোগক্রমে দ্রুত রিপ্লেসমেন্টের ব্যবস্থা নিতে হবে। কারিগরি (ইঞ্জিনিয়ার ও কেমিস্ট) শূন্যপদে দ্রুত দক্ষ জনবল নিয়োগের উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে বিসিআইসির অন্যান্য সার কারখানা থেকে দক্ষ শ্রমিকদের এখানে বদলি করা যেতে পারে।

তিনি বলেন, সিইউএফএলের স্থাপনাগুলো রংকরণ, প্ল্যান্ট এলাকা পরিচ্ছন্ন রাখা এবং দুর্গন্ধ ও ক্ষতিকর রাসায়নিক উপাদানের প্রতিক্রিয়া রোধে ড্রেনগুলো স্লাব দিয়ে ঢেকে দিতে হবে।

দেশে ডিএপি সারের প্রচুর চাহিদা রয়েছে। এজন্য কারখানার কাছাকাছি সরকারি ভূমিতে তৃতীয় ডিএপি সার কারখানা স্থাপনের উদ্যোগ নেয়া যেতে পারে বলেও মনে করেন শিল্পসচিব জাকিয়া সুলতানা।

পরে শিল্পসচিব আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে কাফকোর সহযোগিতায় বৈরাগি ইউনিয়নে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com