August 23, 2026, 12:21 am

বিবিএসকে আরও সময়োপযোগী করতে চাই : পরিকল্পনামন্ত্রী

বিবিএসকে আরও সময়োপযোগী করতে চাই : পরিকল্পনামন্ত্রী

পরিসংখ্যান নিয়ে প্রচণ্ড আগ্রহ থাকার কারণে পরিসংখ্যান ব্যুরোকে পরিবর্তন করতে চান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আমার মন্ত্রণালয়ের অন্য কোনো বিভাগকে নয়, শুধু পরিসংখ্যান ব্যুরোকেই আমি পরিবর্তন করতে চাই। আমার আগ্রহের কারণেই বিবিএসের পরিবর্তন করতে চাই। আমার কাছে মনে হয়, বিউটিফুল সাইন্স হচ্ছে পরিসংখ্যান। বর্তমানে দেশে যে পরিবর্তনটা চলছে, এসব ক্ষেত্রের যোগানই পরিসংখ্যান থেকে দেওয়া হচ্ছে। আমাদের এ মেয়াদে বিবিএসকে আরও সময়োপযোগী করতে চাই।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটরিয়ামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

পরিকল্পনামন্ত্রী বলেন, মাঝে মাঝে প্রধানমন্ত্রী যে দু-একটি বিভাগ নিয়ে মন্তব্য করেন তার মধ্যে পরিসংখ্যান অন্যতম। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সময়পোযোগী বিশুদ্ধ ও সঠিক পরিসংখ্যান চাই। সঠিক পরিসংখ্যান নিয়ে আমি যদি কোনো কিছু করিও সেটার দায় আমার, আপনার না। কিন্তু আপনারা বিশুদ্ধ পরিসংখ্যান তুলে এনে আমাদের হাতে তুলে দেবেন। আপনারা আরও দক্ষতার সঙ্গে কাজ করবেন। সরকারের পক্ষ থেকে আপনাদের সহায়তা করা হবে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এটা প্রমাণিত। তিনি মহাজ্ঞানী নন, অর্থনীতিবিদ নন, দার্শনিক নন, তিনি কোনো গেরিলা ফাইটার নন বা তিনি ফিদেল কাস্ত্রোর মতো কেউ নন। তার অর্জন একটি অদ্ভুত ব্যাপার। বাংলার সাধারণ মানুষকে সংগঠিত করে বিনা অস্ত্রে শত্রুর আক্রমণ প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ায় নেতৃত্ব দিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন। তিনি বাঙালির জন্য বিজয় ছিনিয়ে এনেছিলেন। বঙ্গবন্ধুর জন্যই স্রষ্টার কাছ থেকে পাওয়া নিজস্ব ভূমি ফিরে পেয়েছিলাম।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন আমাদের অত্যন্ত আপনজন। বঙ্গবন্ধুর আগে অনেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের সঙ্গে বঙ্গবন্ধুর পার্থক্য একটিই। তিনি ছিলেন সাধারণের মধ্যে অসাধারণ। সর্বসাধারণের সঙ্গে বঙ্গবন্ধুর যোগাযোগ ছিল অত্যন্ত স্বাভাবিক। এজন্যই দেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে আপনজন মনে করে। বঙ্গবন্ধুর এসব অর্জনের জন্য আমরা তার কাছে বারবার ফিরে যাই। আমাদের দুর্দশা থেকে মুক্তি দিয়ে আলোর পথের পথরেখা তিনি দিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com