August 13, 2026, 9:39 pm

দেশীয় কাঁচামালের ওপর নির্ভরশীল হতে হবে: শিল্পসচিব

দেশীয় কাঁচামালের ওপর নির্ভরশীল হতে হবে: শিল্পসচিব

ইনসুলেটর ও স্যানিটারি ওয়্যার পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামালে আমদানি নির্ভর না হয়ে দেশীয় কাঁচামালের ওপর নির্ভরশীল হতে হবে বলে জানিয়েছেন, শিল্পসচিব জাকিয়া সুলতানা। তিনি বলেন, এ লক্ষ্যে দেশীয় কাঁচামাল উৎপাদনের ব্যবস্থা করতে হবে।

সোমবার (৯ আগস্ট) রাজধানীর মিরপুরে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড (বিআইএসএফ) পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ইনসুলেটর ও স্যানিটারি ওয়্যার পণ্য উৎপাদনে ম্যানুয়াল ব্যবস্থার পরিবর্তে নতুন প্রযুক্তি ও অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে বুয়েটসহ অন্যান্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে উন্নত দেশের প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশনাও দেন জাকিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন- বিসিআইসির পরিচালক (বাণিজ্য) আমিন উল আহসান, মন্ত্রণালয়ের উপসচিব মো. মনিরুজ্জামান এবং বিআইএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিল্প সচিব বলেন, বিআইএসএফের পণ্য বিক্রির পরিমাণ বাড়াতে যুগোপযোগী মার্কেটিং কৌশল অনুসরণ করতে হবে। পণ্য বিপণন পলিসির পরিবর্তন আনতে হবে ও ডিস্ট্রিবিউশন পয়েন্ট এবং ডিলারের সংখ্যা বাড়াতে হবে। এছাড়াও বড় বড় শহরে শো-রুম স্থাপন ও প্রতি জেলায় ডিস্ট্রিবিউশন সেন্টার স্থাপন করতে হবে।

তিনি বলেন, বাজারে আধুনিক মানের ইনসুলেটর ও স্যানিটারি ওয়্যার পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বিআইএসএফের পণ্যের গুণগত মান বাড়াতে হবে।

শিল্পসচিব বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ কারিকুলামকে আরও সময় উপযোগী করে প্রশিক্ষণ প্রদান করতে হবে। ১২ তলা বিশিষ্ট ভবন নির্মাণ প্রকল্পের গুণগতমান ঠিক রেখে যথা সময়ে শেষ করতে হবে। এ সময় তিনি বিআইএমের প্রবিধানমালাকে যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হালনাগাদ করার পরামর্শ দেন। পরে তিনি বিআইএম প্রঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়, গরীব, দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিরতণ করেন ও বৃক্ষরোপন করেন।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com