July 12, 2026, 12:37 am

মহামারিতেও বাংলাদেশের উন্নতির প্রশংসায় বিশ্বব্যাংক

মহামারিতেও বাংলাদেশের উন্নতির প্রশংসায় বিশ্বব্যাংক

করোনাভাইরাস মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে বলে প্রশংসা করেছে বিশ্বব্যাংক।

উন্নয়ন সংস্থাটি বলেছে, কোভিড-১৯ এর মহামন্দার মধ্যেও বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করে চলেছে। জিডিপি প্রবৃদ্ধির ইতিবাচক ধারাও ধরে রেখেছে। বাংলাদেশের সমৃদ্ধির জন্য বিশ্বব্যাংকের ঋণ-সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। অতীতের মতো ভবিষ্যতেও বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকবে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক সদরদপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) এক্সেল ভন ট্রটসেনবার্গের সাথে বৈঠক করেন। বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই বৈঠকে বিশ্বব্যাংকের কর্মকর্তারা বাংলাদেশের প্রশংসা করেন।

সালমান এফ রহমান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে ছিলেন অর্থ সচিব আবদুর রউফ তালুকদার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

ট্রটসেনবার্গ ছাড়াও বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিত্ব করেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ এশিয়া) জন এফ গান্ডলফো, আন্তর্জাতিক ফিন্যান্স করপোরেশন (আইএফসি) এবং বিশ্ব ব্যাংকে বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম।

বৈঠকে সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের অর্থনীতি বর্তমানে সঠিক পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে সারা পৃথিবী যখন মহামারি করোনার ছোবলে আক্রান্ত, তছনছ হয়ে যাচ্ছে সবকিছু, ওলটপালট হয়ে যাচ্ছে সব হিসাব-নিকাশ, তখনও প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০১৯-২০ অর্থবছরে ৫ দশমিক ২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত ২০২০-২১ অর্থবছরে তার চেয়ে বেশি ৬ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের আশা করা হচ্ছে।

বৈঠকে সালমান এফ রহমান বিশ্বব্যাংকের অব্যাহত ঋণ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জরুরি ভিত্তিতে করোনা টিকা কেনার জন্য বিশ্বব্যাংকের অঙ্গীকারভুক্ত ঋণের সহজ প্রাপ্তির উপরে জোর দেন। ঋণ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব হলে করোনা পরিস্থিতি বেসামাল হতে পারে বলেও আশঙ্কা করেন সালমান এফ রহমান।

অন্য একটি বৈঠকে সালমান রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা আইএফসি-এর ভাইস প্রেসিডেন্ট (দক্ষিণ এশিয়া) এবং বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্টের (ভারপ্রাপ্ত) সাথে আলাদা বৈঠক করেন।

দুই বৈঠকেই উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার দিকে জোর দেন। ভবিষ্যতে বিশ্বব্যাংক এবং বাংলাদেশের সম্পর্ক আরও সৌহার্দ্যমূলক হবে বলে আশা করে আলোচকরা।

মার্কিন সিনেটরের সঙ্গে বৈঠক

সালমান এফ রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা মার্কিন সিনেট কমিটি অব ফরেন রিলেশনসের চেয়ারম্যান সিনেটর বব মেনেন্দেজের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বব মেনেন্দেজ বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি শ্রম অধিকার এবং শ্রমিকদের নিরাপত্তা সমুন্নত রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সিনেটর মেনেন্দেজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতির প্রশংসা করেন।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে সিনেট হার্ট অফিস ভবনে এই বৈঠকটি হয়।

সালমান রহমান শ্রম অধিকার ও শ্রমিকদের নিরাপত্তা আরও উন্নত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গৃহীত বিভিন্ন নতুন উদ্যোগ সম্পর্কে সিনেটরকে অবহিত করেন।

রূপগঞ্জে একটি কারখানায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে উপদেষ্টা সিনেটরকে তার নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের বিষয়ে অবহিত করেন যাতে ভবন নিরাপত্তা ও প্রতিকার ব্যবস্থা পরিদর্শন করা হয়।

আলোচনায় বাংলাদেশ-মার্কিন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সালমান রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১২ বছরে বাংলাদেশে যে আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে সে সম্পর্কে অবহিত করেন।

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সভা

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজারের সম্ভাবনা এবং বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা তুলে ধরার জন্য একটি স্টেকহোল্ডার সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজনে বুধবার ওয়াশিংটন ডিসিতে এই সভা অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকোতে চলমান ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক বিএসইসির রোড শোর একটি অংশ ছিল এই সভা।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আলোচনায় অংশগ্রহণ করেন এবং একটি প্রাণবন্ত অধিবেশনে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় করেন।

উপদেষ্টা সালমান এফ রহমান আলোচনায় কোভিড-১৯ অতিমারি চলাকালেও বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী অবস্থানের কথা তুলে ধরেন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বাংলাদেশের পুঁজিবাজার ও সামগ্রিক অর্থনীতিতে সাম্প্রতিক উন্নয়নের চিত্র উপস্থাপন করেন।

আলোচকরা বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন। তারা বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে এবং বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য অধিকতর অনুকূল পরিবেশ সৃষ্টিতে সকল স্টেকহোল্ডার ও অংশগ্রহণকারীদের পরামর্শ ও সুপারিশসমূহকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com