July 28, 2026, 4:11 am
দেশের ভেতরেই স্বর্ণ পরিশোধনাগার স্থাপন ও পরিচালনার পথ খুলেছে। এ লক্ষ্যে সরকার ‘স্বর্ণ পরিশোধনাগার স্থাপন ও পরিচালনায় অনুসরণীয় পদ্ধতি’ অনুমোদন করেছে, যা ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশ হয়েছে।
দেশের ভেতরে স্বর্ণ পরিশোধনাগার স্থাপন করতে হলে একই সীমানায় নিজস্ব ২০ বিঘা জমি থাকতে হবে। কোনো ভাড়া, লিজ করা সম্পত্তিতে পরিশোধনাগার স্থাপন করা যাবে না। পরিশোধনাগার ও ওয়ারহাউস আন্তর্জাতিক বিমানবন্দরের ২০ কিলোমিটারের মধ্যে থাকতে হবে।
সেই সঙ্গে কোম্পানির নামে অনুমোদিত মূলধন হিসেবে কমপক্ষে ১ হাজার কোটি টাকা থাকতে হবে এবং পরিশোধিত মূলধন থাকতে হবে ১০০ কোটি টাকা। গত ৭ জুলাই প্রকাশিত গেজেটে এমনই শর্ত রাখা হয়েছে।
স্বর্ণ পরিশোধনাগার স্থাপনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের গঠন করা বাছাই কমিটি আবেদন যাচাই-বাছাই করে দুই মাসের মধ্যে সুপারিশ করবে। তার ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দেবে। লাইসেন্স পাওয়ার দুই বছরের মধ্যে পরিশোধনাগার স্থাপনের কাজ শেষ করতে হবে।