October 9, 2026, 11:36 am

আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউন ও ঈদুল আজহাকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি-মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারা দেশে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে।

আজ সোমবার (০৫ জুলাই) বেলা ১১টা থেকে এসব পণ্য বিক্রি শুরু হয়েছে। রাজধানীসহ দেশের সব মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী ২৯ জুলাই পর্যন্ত পণ্য সামগ্রী বিক্রি করা হবে।

জানা গেছে, সোমবার সকাল থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি। ২৯ জুলাই (ঈদুল আজহার ছুটি ব্যতিত) পর্যন্ত এ কার্যক্রম চলবে।

টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। এছাড়া প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারছেন। এছাড়াও সয়াবিন তেল ১শ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ ৫ লিটার নিতে পারছেন।

টিসিবির যুগ্ম পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, জরুরি সেবা হিসেবে লকডাউনের মধ্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। তবে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে ডিলারদের মাধ্যমে আজ থেকে ট্রাক সেল শুরু করা হচ্ছে।

মো. হুমায়ুন কবীর আরও জানান, ঈদুল আজহার জন্য সরকারঘোষিত ছুটির দিন টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া ২৯ জুলাই পর্যন্ত অন্যান্য দিনগুলোতে ভ্রাম্যমাণ ট্রাক সেল চলবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com