November 23, 2026, 7:06 pm

বাজেট পেশের আগে অর্থমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাস

বাজেট পেশের আগে অর্থমন্ত্রীর ফেসবুক স্ট্যাটাস

জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট উত্থাপনের আগ মুহূর্তে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১২টার পর নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসটি দেন অর্থমন্ত্রী। সেখানে বাজেটের উদ্দেশ্যে যাওয়া নিজের কয়েকটি ছবি পোস্ট করে অর্থমন্ত্রী লেখেন, ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে/ সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ/ জাতীয় বাজেট ২০২১-২০২২’।

তার এই স্ট্যাটাসটিতে এক ঘণ্টায় ৪ হাজারের বেশি লাইক এবং ৩৪০টির বেশি মন্তব্য এবং ১৮০টি শেয়ার হয়েছে। মন্তব্যে অনেকেই অর্থমন্ত্রীর প্রতি শুভ কামনা জানিয়েছেন।

‘শরীফ নামের সেই ছেলেটি’ নামের এক ফেসবুক ব্যবহারকারী মন্তব্যে বলেছেন, ‘মাননীয় মন্ত্রী মহোদয়, এবারের বাজেট যাতে গরিব ও মধ্যবিত্তদের অনুকূলে থাকে। আর পারতাছি না লোড নিতে…।’

আল-আমিন হোসেন নামে আরেক মন্তব্যকারী লিখেছেন, ‘শুভ কামনা রইল। জনগণের কল্যাণে ব্যবহারের জন্য অনুরোধ রইল।’

সৌমিত্র দাস নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে দুরবস্থায় আছে, তাদের কথা চিন্তা করে হোক আগামীর বাজেট, শুভ কামনা।’

খোঁজ নিয়ে জানা যায়, ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। বৃহস্পতিবার দুপুর ১২টায় বাজেট অনুমোদনে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক বসে। জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় অবস্থিত মন্ত্রিসভা কক্ষে এই বিশেষ বৈঠকটি বসে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। প্রতিবছর বাজেট ঘোষণার দিন মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে, এতে বাজেট অনুমোদন দেয়া হয়।

বিজনেস নিউজ/এমআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com