October 8, 2026, 8:12 am

‘জনপ্রিয়তা’ কাল হলো কাকলী ফার্নিচারের, থানায় জিডি

‘জনপ্রিয়তা’ কাল হলো কাকলী ফার্নিচারের, থানায় জিডি

বাংলাদেশ ও ভারতে অনেকটা হুট করেই ভাইরাল হয়ে যাওয়া কাকলী ফার্নিচারের ‘জনপ্রিয়তা’ এখন তাদের জন্য কাল হয়ে দাড়িয়েছে। প্রতিষ্ঠানের নামে ফেসবুকে একাধিক ভুয়া আইডি ও পেজ তৈরির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কাকলী ফার্নিচার কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের পক্ষে চেয়ারম্যান সোহেল রানা গত ৩০ মে গাজীপুরের শ্রীপুর মডেল থানায় এ ডায়েরি করেন।

অভিযোগে সোহেল রানা উল্লেখ করেন, ‘অজ্ঞাত ব্যক্তিরা আমার প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে আইডি ও পেজ তৈরি করেছে। আমার প্রতিষ্ঠানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এ ধরনের কাজ করছে। প্রতিষ্ঠানটির তারা ক্ষতি করতে পারে, এ জন্যই সাধারণ ডায়েরি করা।’

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, জনপ্রিয়তাকে পুঁজি করে বেশ কয়েকটি চক্র ফেসবুকে ‘কাকলী ফার্নিচার’ নামে ভুয়া আইডি ও পেজ তৈরি করেছে। যাতে বিব্রত অবস্থায় পড়েছে প্রতিষ্ঠানটি। কাকলী ফার্নিচারের ফেসবুক আইডি ও পেজ একটি। অন্যান্য পেজ দেখে গ্রাহকরা যেন প্রতারিত না হন সে জন্যই থানায় সাধারণ ডায়েরি করেছি।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন বলেন, ফেসবুকে কাকলী ফার্নিচার নির্ধারিত আইডি ও পেজ ছাড়া অনেকেই প্রতিষ্ঠানটির নামে একাধিক আইডি ও ফেসবুক তৈরি করেছেন বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। আমরা এ বিষয়ে কাজ করছি, সাইবার টিমের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘দামে কম মানে ভালো, কাকলী ফার্নিচার’ এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ভাইরাল হয়। তারপর থেকেই বাংলাদেশসহ ভারতে ব্যাপক জনপ্রিয়তা পায় কাকলী ফার্নিচার।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com