October 8, 2026, 7:46 am

১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ইচ্ছা আছে :শিক্ষামন্ত্রী

১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ইচ্ছা আছে :শিক্ষামন্ত্রী

করোনার সার্বিক পরিস্থিতির উন্নতি হলে জুনের মধ্যে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আগামী ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ইচ্ছা আছে আমাদের। তবে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়টি নির্ভর করছে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে করোনার টিকার আওতায় নিয়ে আশার ওপর।

বুধবার (২৬ মে) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসে এমন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনের শেষপর্যায়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে— এমন স্ক্রল আপনারা টিভিতে সম্প্রচার করছেন। এটি না করে আপনারা বলেন, ১৩ জুন থেকে খুলে দেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এর আগে তিনি বলেন, ‘যদি ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি সেক্ষেত্রে ২০২১ সালের এসএসসি-এইচএসসি ব্যাচকে অগ্রাধিকার দেওয়া হবে। তারা হয়তো সপ্তাহের ছয়দিন ক্লাসে আসবে। যারা ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী, তাদের ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে ক্লাসে নিয়ে আসা হবে। অন্যদের বিষয়ে সপ্তাহে হয়তো একদিন ক্লাসে আনা হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষা কার্যক্রম চলছে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও এটি চলছে। বন্ধ রাখা আমাদের উদ্দেশ্য নয়। আমরা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে চাই। মাঝখানে করোনার পরিস্থিতি ভালো হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণাও দিয়েছিলাম। কিন্তু মাঝখানে হঠাৎ করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। ঈদে বাড়ি যাওয়ায় বিভিন্ন জেলায় সংক্রমণের হার বেড়েছে। এসব বিষয়ও আমাদের মাথায় রাখতে হচ্ছে।’

দীপু মনি বলেন, জীবন-জীবিকার জন্য সবকিছু চলছে। অর্থনীতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের অর্থনীতি চাঙা রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কেন খোলা হচ্ছে না, সবাই এমন প্রশ্ন করছেন। আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, শুধু শিক্ষার্থী নয় তাদের পরিবারও আছে। তাদের বাসায় অনেক বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাদের বিষয়টিও আমাদের মাথায় রাখতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com