October 25, 2026, 8:01 am

ব্যবসা বাড়াতে সবাইকে নিয়ে কাজ করতে চান এফবিসিসিআই সভাপতি

ব্যবসা বাড়াতে সবাইকে নিয়ে কাজ করতে চান এফবিসিসিআই সভাপতি

দেশের ব্যবসা-বাণিজ্য বাড়াতে সবাইকে নিয়ে নিরলসভাবে কাজ করতে চান বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন।

কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিআইএস-বিসিসিআই) পরিচালনা পর্ষদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

এ সময় এফবিসিসিআই সভাপতি রাশিয়া ও সিআইএস দেশগুলোর সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সিআইএস-বিসিসিআইয়ের কার্যক্রমের প্রশংসা করেন। এছাড়া সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে মতিঝিল এফবিসিসিআই আইকন টাওয়ারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এফবিসিসিআই’র সভাপতিকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সিআইএস-বিসিসিআই’র সভাপতি মো. হাবিব উল্লাহ ডন।

হাবিব উল্লাহ ডন বলেন, সিআইএস-বিসিসিআই রাশিয়া ও সিআইএস অন্য দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বাংলাদেশের রফতানি গন্তব্যের তৃতীয় ফ্রন্ট হিসেবে রাশিয়া ও অন্যান্য সিআইএস দেশের সঙ্গে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশ ও রাশিয়া ফেডারেশনের মধ্যে পারস্পরিক লেনদেনে আন্তঃব্যাংক সহযোগিতা সম্পর্কিত বিষয়ে এফবিসিসিআইয়ের সহযোগিতা কামনা করেন।

সভায় সিআইএস-বিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, সহ-সভাপতি যাদব দেবনাথ, উপদেষ্টা মাহাবুব ইসলাম রুনু, পরিচালক মো. এনামুল হক, তৌহিদা সুলতানা, সালমা হোসেন এ্যাশ, আব্দুল লতিফ সরকার, শেখ ফয়েজ আলম, সচিব মুস্তফা মহিউদ্দিন ও এফবিসিসিআই পরিচালক বিজয় কুমার কেজরিওয়াল উপস্থিত ছিলেন।

বিজনেস নিউজ/এমআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com