October 22, 2026, 3:31 pm

ইসরায়েলি হামলায় নিশ্চিহ্ন আল-জাজিরা কার্যালয়

ইসরায়েলি হামলায় নিশ্চিহ্ন আল-জাজিরা কার্যালয়

বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার স্থানীয় কার্যালয় পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়েছে ইসরায়েল। শনিবার হামলা চালানোর এক ঘণ্টা আগে ইসরায়েলের সামরিক বাহিনী আল-জাজিরার কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।

নিজেদের কার্যালয়ে এমন হামলার খবর শনিবার অনলাইন প্রতিবেদনে নিশ্চিত করেছে আল-জাজিরা। টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায়, ইসরায়েলের বিমান হামলার পর ভবনটি মাটির সাথে মিশে গেছে। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে ভবনের চারপাশ।

ওই ভবনে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) কার্যালয়ও ছিল। ইসরায়েল হুমকি দেওয়ায় শনিবারের হামলার এক ঘণ্টা আগেই ভবনটির বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে এই হামলায় কোনো হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

এদিকে, শনিবার ভোরের দিকে অবরুদ্ধ গাজা উপত্যকার এক শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় সেখানে আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরায়েলে পাল্টা রকেট হামলা করেছে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাস।

অন্যদিক, শুক্রবার সংঘাত ছড়িয়েছে গাজা থেকে বিচ্ছিন্ন ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরেও। এদিন পশ্চিম তীরেও অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত এবং আহত কয়েক শ’। ইসরায়েলি সেনাদের গুলি, কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে এই হতাহতের ঘটনা ঘটেছে।

২০১৪ সালের পর গাজা ও ইসরায়েলের মধ্যে এতটা ভয়াবহ সংঘাত পরিস্থিতি গত ৭ বছরে তৈরি হয়নি। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৪০ জনের বেশি শিশুসহ অন্তত ১৩৬ জন ফিলিস্তিনি এবং ইসরায়েলে ৮ জন নিহত হয়েছেন।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com