August 25, 2026, 8:18 pm

আলো স্বল্পতায় ২৫ ওভারের খেলা বাকি রেখেই দিন শেষের ঘোষণা

আলো স্বল্পতায় ২৫ ওভারের খেলা বাকি রেখেই দিন শেষের ঘোষণা

এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করা হলো। তাতে পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্য হয়নি। আলোর স্বল্পতা কাটেনি। বরং, ধীরে ধীরে আলো আরো কমে আসতে শুরু করে। যার ফলে শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের খেলা ২৫ ওভার বাকি থাকতেই শেষ করার ঘোষণা দিলেন ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে।

২৫ ওভাররে ঘাটতি পোষাতে ম্যাচের বাকি তিনদিন খেলা শুরু হবে ১৫ মিনিট আগে, তথা ৯.৪৫ মিনিটে। দিনে মোট ৯৮ ওভার খেলা চেষ্টা করা হবে। ৫.১৫ মিনিটে শেষ তিন দিনের খেলা শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে। ওভার বাকি থাকলে এবং পর্যাপ্ত আলো থাকলে আরো আধাঘণ্টা সময় বাড়িয়ে নেয়া যাবে বলেও জানানো হয়েছে ম্যাচ রেফারির পক্ষ থেকে।

দিনের খেলা ২৫ ওভার না হলেও বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে টাইগারদের রান ১৫৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৭৪ রান। ৪৩ রান নিয়ে মুশফিকুর রহীম এবং ২৫ রান নিয়ে ব্যাট করছিলেন লিটন দাস।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ অসাধারণ দুটি দিন উপহার দিয়েছে। নাজমুল হোসেন শান্তর বিশাল এক সেঞ্চুরির সঙ্গে অধিনায়ক মুমিনুলের বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরির ওপর ভর করে দ্বিতীয় দিনের তৃতীয় সেশন শুরুর খানিক পরই বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৪৭৪ রানে।

এমন পরিস্থিতিতে যখন দুই ব্যাটসম্যান মুশফিকুর রহীম আর লিটন কুমার দাস বাংলাদেশের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখনই আলোর স্বল্পনার কারণে খেলা বন্ধ করে দেয়া হয়। ব্যাড লাইটের কারণে স্থানীয় সময় বিকাল ৪টায় খেলা বন্ধ হয়ে যায়।

মৌসুমী বায়ুর কারণে পাল্লেকেলের আকাশে ঘনকালো মেঘ দেখা যাওয়ার কারণে আলোর স্বল্পতা দেখা দেয়। বৃষ্টি আসারও সম্ভাবনা আছে। যে কারণে গ্রাউন্ড স্টাফদের দেখা গেছে ত্রিপল দিয়ে উইকেটকে ঢেকে দিতে। যদিও বৃষ্টি আসেনি। কিন্তু চারদিক অন্ধকার হয়ে আসায় আলোর স্বল্পতা দেখা দেয়। এ কারণেই মূলতঃ দুই দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে ড্রেসিং রুমে গিয়ে অবস্থান নেয়।

এর আগে টেস্টের প্রথম দিন ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন এসে তিনি আউট হন ১৬৩ রান করে। ক্যারিয়ারের ৮ম বছরে এসে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া অধিনায়ক মুমিনুল হক আজ আউট হন ১২৭ রানে। এর আগে প্রথম দিন ৯০ রান করে আউট হন তামিম ইকবাল। সাইফ হাসান আউট হয়েছিলেন শূন্য রানে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com