September 1, 2026, 11:45 pm

কমিউনিটি ক্লিনিকের জন্য ৮০ হাজার কার্টুন ওষুধ কিনবে সরকার

কমিউনিটি ক্লিনিকের জন্য ৮০ হাজার কার্টুন ওষুধ কিনবে সরকার

দেশের সকল কমিউনিটি ক্লিনিকের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ২৭ প্রকারের ৮০ হাজার কার্টন ওষুধ কেনার একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে সরকারের ব্যয় হবে ১৪০ কোটি টাকা।

বুধবার (২১ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।

বৈঠকে মোট ২ হাজার ২০৫ কোটি ১৭ লাখ ২ হাজার ৪১৫ টাকা ব্যয়ে ৮টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।

অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার জানান, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার কর্তৃপক্ষ (সিবিএইচসি) কর্তৃক ২৭ প্রকার ওষুধ সম্বলিত ৮০ হাজার ৭৩৪ কার্টন ওষুধ কেনার একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। মোট ১৩৯ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৮২০ টাকায় সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এই ওষুধ কেনার অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো হলো :

স্থানীয় সরকার বিভাগের অধীন খুলনা ওয়াসা কর্তৃক বাস্তবায়নাধীন ‘খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ১২৪ কি.মি. স্যুয়ারেজ পাইপ লাইন, ৩টি স্যুয়ারেজ পাম্পিং স্টেশন ও ১৩ হাজার ৮০০টি সার্ভিস কানেকশন নির্মাণ কাজের ঠিকাদার হিসেবে চায়না জিইও ইঞ্জিনিয়ারিং করপোরেশনকে নিয়োগ দেয়ার একটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এজন্য ব্যয় হবে ৬৯৬ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ৭২৭ টাকা।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক সিঙ্গাপুর ভিত্তিক ভাইটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনার একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এ জন্য ব্যয় হবে ২৬৭ কোটি ৫৭ লাখ ৫১ হাজার ১৭১ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ৮ দশমিক ০১২ মার্কিন ডলার।

এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় সরকার বিভাগের অধীন ২০২০-২০২১ অর্থবছরে সিটি করপোরেশনগুলোর জন্য জার্মানি থেকে উইড হারভেস্টার সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

বিজনেস নিউজ/ এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com