October 10, 2026, 7:37 pm
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, দেশের অর্থনীতি গতিশীল করার জন্য একটি শক্তিশালী পুঁজিবাজার প্রয়োজন। এই পুঁজিবাজারকে জনবান্ধব হিসেবে তৈরি করতে চাই। পুঁজিবাজারের উন্নতির স্বার্থে আমরা সব দিতে প্রস্তুত।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আয়োজিত “স্বাধীনতার সূবর্ণজয়ন্তী: বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে বাংলাদেশের শেয়ারবাজারের অর্জন ও সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলাম৷ এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোঃ আসাদুল ইসলাম।
অর্থমন্ত্রী বলেন, গত বছরের বাজেটে শেয়ারবাজারের জন্য যা চাওয়া হয়েছিল, তারচেয়ে বেশি দেওয়া হয়েছে। আমরা কালো টাকা বিনিয়োগের সুযোগ করে দিয়েছি, নগদ লভ্যাংশে উৎসাহিত করেছি। এসময় আসন্ন বাজেটকে কেন্দ্র করে সবার উপকারে আসবে এমন কোন পরামর্শ থাকলে, তা দেওয়ার অনুরোধ করেন তিনি। তবে রাখতে পারবেন না, এমন কোন পরামর্শ না দেওয়ার জন্যও বলেন।
তিনি বলেন, একটি কোম্পানি বোনাস শেয়ার ১ বছর বা ২ বছর দিতে পারে। যা ব্যবসা সম্প্রসারনের জন্য হতে পারে। এর পেছনে অন্য কোন কারন থাকতে পারে না। এছাড়া অনেক কোম্পানির রিজার্ভ বড় করে, সেই অর্থের ছয়-নয় করে বলে জানান তিনি।
বর্তমানে শেয়ারবাজার অনেক শক্তিশালী উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজারে এখনও ব্যাপকতা আসেনি। তবে বর্তমান কমিশনের নেতৃত্বে ব্যাপকতা বৃদ্ধির কাজ চলছে। পুঁজিবাজারে এখন একটি শক্তিশালী ম্যানেজমেন্ট রয়েছে। আস্তে আস্তে এই বাজার জনবান্ধব হিসেবে নিয়ে আসব।
বিশেষ অতিথির বক্তব্যে পুঁজিবাজারের বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘আইটি ছাড়া ভবিষ্যতে চলাচল করা অসম্ভব। আমরা চাই একটি শক্তিশালী আইটি ইনফাস্ট্রাকচার (অবকাঠামো) সমন্বিত পুঁজিবাজার। এটি হলে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। এখন যারা গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে কম দামে শেয়ার হাতিয়ে নিতে চাচ্ছেন; সেটাও বন্ধ হয়ে যাবে। তারা গুজব ছড়িয়ে পার পাবেন না।’
ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিন পাটোয়ারীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- ডিএসইর সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম, ডিএসইর পরিচালক শাকিল রিজভী এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডিএসইর পরিচালক রকিবুর রহমান।
বিজনেস নিউজ/এসআর