October 8, 2026, 2:52 am
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড। আগামী সোমবার (২২ মার্চ) সকাল ১০টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একযোগে ব্যাংকটির শেয়ারের লেনদেন শুরু হবে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, লেনদেন শুরুর লক্ষ্যে গত মঙ্গলবার (১৬ মার্চ) কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে শেয়ার পাঠিয়েছে। এর আগে গত ৩ মার্চ কোম্পানির শেয়ারের লটারি অনুষ্ঠিত হয়। কোম্পানিটি এন ক্যাটাগরিতে ডিএসইতে লেনদেন করবে। কোম্পানি কোড হবে ‘এনআরবিসি ব্যাংক’(NRBC Bank)।
আইপিওর ফিক্সড প্রাইস পদ্ধতিতে ১২ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২০ কোটি টাকা সংগ্রহ করে ব্যাংকটি। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
১২০ কোটি টাকার শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বিতরণ করা হয় ৬০ শতাংশ বা ৭২ কোটি টাকার শেয়ার। বাকি ৪০ শতাংশ শেয়ার বরাদ্দ দেওয়া হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। সাধারণ বিনিয়োগকারী ক্যাটাগরির মধ্যে বাংলাদেশিদের জন্য বরাদ্দ ৪০ শতাংশ বা ৪৮ কোটি টাকা। এই ৪৮ কোটি টাকার শেয়ার পেতে আবেদন করেন ১০ লাখ ৪৩ হাজার ৩০৩ জন। তাদের আবেদনের বিপরীতে জমা হয়েছে ৫২১ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা, যা কোম্পানির জন্য বরাদ্দের ১০ দশমিক ৮৬ গুণ বেশি।
বিজনেস নিউজ/ আরকে