October 8, 2026, 12:33 am

তদন্ত কমিটি বলছে মুশতাকের স্বাভাবিক মৃত্যু হয়েছে

তদন্ত কমিটি বলছে মুশতাকের স্বাভাবিক মৃত্যু হয়েছে

কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাজীপুরের জেলা প্রশাসন ও কারা অধিদফতরের গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনে এই মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু উল্লেখ করা হয়েছে বলে জনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুশতাক আহমেদ গত বছরের ৬ মে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা মামলায় কারাগারে অন্তরীণ হন। তিনি কারাগারে ইন্তেকাল করেন, সেটা আপনারা সবই শুনেছেন। প্রশ্ন আসছে তিনি কারাগারে কীভাবে মৃত্যুবরণ করলেন। আমাদের মন্ত্রণালয় থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করে দিয়েছিলাম। গাজীপুরের ডিসি, তিনিও একটি কমিটি করেছিলেন। আইজি প্রিজন, তিনিও তাৎক্ষণিকভাবে একটি কমিটি করেছিলেন। সব কমিটির অভিমত একরকম। ভিডিও ফুটেজ ও কারাগারে যারা তার সঙ্গে অন্তরীণ ছিলেন, তার রুমে যে কয়জন ছিলেন, কর্তব্যরত চিকিৎসক যারা ছিলেন, হাসপাতালে যখন নিয়ে গেছেন, তাদের সবার অভিমত নিয়ে তারা যে রিপোর্টটি প্রদান করেছেন সেই রিপোর্টে বলেছেন, এটা  স্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু মানে অস্বাভাবিক মৃত্যু নয়। সেটাই তারা তাদের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে আমাদের জানিয়েছেন। আমরা সব রিপোর্টেই এখন পর্যন্ত এইটুকুই পেয়েছি।

তিনি বলেন, আমরা ময়নাতদন্ত প্রতিবেদনের পরে আরও বিস্তারিত জানতে পারব। এই পর্যন্ত আমাদের কাছে যা এসেছে, এর মূল হলো এটা স্বাভাবিক মৃত্যু। তিনি বাথরুমে গিয়েছিলেন। ওয়াশরুমে যাওয়ার পর সেখানেই তিনি অজ্ঞান হয়েছিলেন। তারপর তাকে কারাগারে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সুরতহাল রিপোর্টেও মুশতাকের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, পোস্টমর্টেমের রিপোর্টটি এলেই আমরা চূড়ান্তভাবে জানতে পারব। প্রাথমিকভাবে ডাক্তাররা যে অভিমত ব্যক্ত করেছেন, সেটাই আমাদের রিপোর্টে এসেছে, সেটাই আমি আপনাদের জানালাম।

এই ধরনের তদন্তে প্রকৃত বিষয় উঠে আসে না। সেক্ষেত্রে অধিকতর তদন্ত, কেউ কেউ বিচার বিভাগীয় তদন্তের কথা বলছেন। এ বিষয়ে আপনি কী মনে করছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলোকে মাথায় রেখেই আমরা মন্ত্রণালয়ে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি টিম করে দিয়েছিলাম। সেখানে ডিসিও তাৎক্ষণিকভাবে একটি এবং কারা কর্তৃপক্ষও একটি টিম করেছিলেন… আসলে ঘটনাটা কী, সেটা জানার জন্য। কাজেই এখানে যদি কারও অনিয়ম বা গাফিলতি থাকত, তাহলে নিশ্চয়ই জানাত। এর বাইরে যদি কিছু থাকে, সেটা পোস্টমর্টেম রিপোর্টে এলে আপনাদের জানাব।

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com