October 27, 2026, 1:06 pm

ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমার আগের স্বামীর হাইকোর্টের রিট

ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমার আগের স্বামীর হাইকোর্টের রিট

ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তাম্মির আগের স্বামী রাকিব হাসান হাইকোর্টে রিট করেছেন। রিটে বিয়ে-বিচ্ছেদ সংক্রান্ত বিষয়ে সম্মান রক্ষা করতে এবং পারিবারিক জীবন বাঁচাতে বিয়ে ও বিচ্ছেদ রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৪ মার্চ) ভুক্তভোগী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও একটি সংগঠনের পক্ষে এ রিট দায়ের করা হয়। অন্য রিটকারীরা হলেন- ভুক্তভোগী সোহাগ হোসেন, কামরুল হাসান ও এইড ফর ম্যান ফাউন্ডেশন।

রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। রিটে আইন সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, ধর্ম সচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

এর আগে ২২ ফেব্রুয়ারি প্রতারণার হাত থেকে বাঁচাতে বিয়ে ও বিচ্ছেদ রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন করার নির্দেশনা চেয়ে সংশ্লিষ্টদের নোটিশ পাঠানো হয়। ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির আগের স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও একটি সংগঠনের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, বিয়ে ও বিচ্ছেদ রেজিস্ট্রেশনের আইনগত বিধান থাকলেও তা ডিজিটাল না করার ফলে অসংখ্য প্রতারণার ঘটনা ঘটেছে। এছাড়া বিয়ে গোপন রেখে ডিভোর্স না দিয়ে বিয়ে করার ঘটনা অনেক ঘটতে দেখা যাচ্ছে। এর ফলে সন্তানের পিতৃ পরিচয় নিয়েও জটিলতা দেখা যাচ্ছে। বিয়ে সংক্রান্ত অপরাধ বেড়ে অসংখ্য মামলার জন্ম নিচ্ছে। তাই বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটাল হওয়া একান্ত আবশ্যক। বিয়ে ও ডিভোর্স ডিজিটালাইজেশন করলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে সার্চ করলেই সব তথ্য বেরিয়ে আসবে। এতে প্রতারণার হাত থেকে অসংখ্য মানুষ রক্ষা পাবে।

তখন অ্যাডভোকেট ইশরাত হাসান বলেছিলেন, বিয়ে ও বিচ্ছেদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন আনুষ্ঠানিকভাবে ডিজিটাল হওয়া জরুরি। বর–কনের ছবিসহ বিয়ে ও তালাকের রেজিস্ট্রেশন ডিজিটালাইজড হলে তথ্যের সত্যতা যাচাই করা যাবে।

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে বিয়ে ও বিচ্ছেদ রেজিস্ট্রেশন ডিজিটাল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হয়। নোটিশ দেওয়ার পরও বিয়ে ও বিচ্ছেদ রেজিস্ট্রেশন ডিজিটাল করতে কোন পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টে এ রিট দায়ের করা হয়।

উল্লেখ্য, বিয়ের পিঁড়িতে বসা ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানা আগের স্বামীকে তালাক না দিয়েই আবার বিয়ে করেছেন। উত্তরা পশ্চিম থানায় এমন অভিযোগ তুলে সাধারণ ডায়েরি করেন নিজেকে তামিমার স্বামী দাবি করা রাকিব হাসান। জিডিতে তামিমার সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা জানান রাকিব। তাদের ১১ বছরের সংসার ছিল বলে জিডিতে উল্লেখ করা হয়। দুজনের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। কিন্তু সব ফেলে ক্রিকেটার নাসিরকে বিয়ে করায় থানায় অভিযোগ করেন রাকিব। পরে এ নিয়ে আইনি নোটিশও পাঠান ভুক্তভোগী রাকিব হাসান।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। নাসিরের স্ত্রী পেশায় একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইনসে।

বিজনেস নিউজ /এসআর   

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com