July 17, 2026, 2:49 am

হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন নারী রোগীরা

হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন নারী রোগীরা

তিনদিন ধরে পানি নেই হাসপাতালের মহিলা ওয়ার্ডে। পাশের ভবন থেকে পানি নিয়ে কোনো মতে জরুরি কাজ সারছেন রোগীরা। এতে চরম কষ্ট পোহাতে হচ্ছে তাদের।

বলছি, দিনাজপুরের হাকিমপুর (হিলি) স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের কথা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, দ্রুত পাম্পটি ঠিক করে পানি সরবরাহ করা হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি ভবন রয়েছে। এর মধ্যে একটিতে পুরুষ, অন্যটি মহিলা ওয়ার্ড। পানির পাম্প নষ্ট মহিলা ওয়ার্ডে। বৈদ্যুতিক সমস্যার কারণে নষ্ট হয়েছে পাম্পটি।

কয়েকদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন ছালমা বেগম। তিনি বলেন, তিনদিন ধরে আমাদের ওয়ার্ডে পানি নেই। খুব কষ্টে ছিলাম। তাই নিরুপায় হয়ে আজ (সোমবার) বাড়িতে চলে যাচ্ছি।

আরেক রোগী কহিনুর বেগম বলেন, আমার পেটের সমস্যার চিকিৎসা নিতে দুইদিন আগে স্বাস্থ্য কমপ্লেক্সে আসি । অসুস্থ মানুষ। পানি নিতে বার বার নিচে যেতে হচ্ছে। বাথরুমের জন্য অন্য ওয়ার্ডে যাচ্ছি।

১৪নং বেডের এক রোগীর মেয়ে পরিবানু বলেন, হাসপাতালের লোকজনকে বার বার বলার পরও পানির কোনো ব্যবস্থা করছে না। আমার মা অসুস্থ মানুষ। তাকে নিয়ে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া-আসা বড় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের একজন লোক বলছেন এটা ঠিক করতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে।

মল্লিকা বেগম বলেন, এত কি কষ্ট করা যায়। অসুস্থ মানুষ। শরীর চলে না। তারপর আবার পানি নেই। থাকব না। চলে যাব।বাড়িতেই ভাল থাকব।

এ বিষয়ে মহিলা ওয়ার্ডের নার্স শিরিনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, মটর (পাম্প) পুড়ে গেছে। তাই পানি নেই।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল হাসান বলেন, হাসপাতালের বড় পাম্পটি বৈদ্যুতিক সমস্যার কারণে পুড়ে গেছে। মেরামত চলছে। আশা করছি দুয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com