October 7, 2026, 10:06 pm

বাবু ভাত খাচ্ছে না ভয় দেখান, পুলিশকে মায়ের ফোন

বাবু ভাত খাচ্ছে না ভয় দেখান, পুলিশকে মায়ের ফোন

জাতীয় জরুরি সেবা ৯৯৯’ চালু হওয়ার পর সর্বশেষ ২০২১ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত দুই কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৪১টি কল এসেছে। এর মধ্যে অপ্রয়োজনীয় কল দুই কোটি ৫৯ লাখ। এসব কল ধরতে অপচয় হয়েছে মূল্যবান সময়…

২০২০ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময় ফোন আসে বাংলাদেশ পুলিশের নিয়ন্ত্রণাধীন ‘জাতীয় জরুরি সেবা- ৯৯৯’। এ-পাশ থেকে ফোন ধরেন পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)। ও-পাশ থেকে কথা বলেন রামপুরার এক মা। পুলিশের এসআই বললেন, ‘জ্বী বলুন, আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি।’ পুলিশকে ওই মা বলেন, ‘আমার বাবু ভাত খেতে চাইছে না, পুলিশের সঙ্গে কথা বলায়ে দেন। ওকে ভয় দেখান।’

২০১৭ সালের ১২ ডিসেম্বর ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এর কার্যক্রম শুরু হয়। তখন থেকে আজ পর্যন্ত এ ধরনের প্রায় ৮৬ লাখ ৮৮ হাজার ৯৯৪টি অপ্রয়োজনীয় কল এসেছে।

৯৯৯ ইউনিট থেকে জানা গেছে, সর্বশেষ ২০২১ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত দুই কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৪১টি কল এসেছে। যার মধ্যে ৭৯% ভাগ কলই পুলিশের জন্য ছিল বিরক্তিকর।

প্রতিনিয়ত আমরা এমন অপ্রীতিকর প্র্যাংক কল পাচ্ছি। কেউ ফোন দিয়ে বাচ্চাকে খাওয়ানোর জন্য পুলিশকে কল দিচ্ছেন, কেউ ফোন করে কল সেন্টারের মেয়ে অপারেটরদের সঙ্গে কথা বলতে চাইছেন

আনোয়ার সাত্তার, পরিদর্শক, জাতীয় জরুরি সেবা

৯৯৯ জানায়, জরুরি সেবা চালুর পর থেকে এখন পর্যন্ত মোট দুই কোটি ৫৯ লাখ অপ্রয়োজনীয় কল এসেছে। এসব কল ধরতে অপচয় হয়েছে দায়িত্বরত পুলিশ সদস্যদের মূল্যবান সময়।

প্র্যাংক কল (মজার উদ্দেশ্যে ফোন কল)

‘গতকাল যে আপুটার (কল সেন্টারের এসআই) সঙ্গে কথা বলেছিলাম, তাকে ফোনটা দেন। তার সঙ্গে কথা বলব।’ ৯৯৯- এ নিয়মিত আসছে এ ধরনের প্র্যাংক কল। গত তিন বছরে এমন কলের সংখ্যা ১৯ লাখ ৫৫ হাজার।

জাতীয় জরুরি সেবার পরিদর্শক (ইন্সপেক্টর) আনোয়ার সাত্তার ঢাকা পোস্টকে বলেন, ‘প্রতিনিয়ত আমরা এমন অপ্রীতিকর প্র্যাংক কল পাচ্ছি। কেউ ফোন দিয়ে বাচ্চাকে খাওয়ানোর জন্য পুলিশকে কল দিচ্ছেন, কেউ ফোন করে কল সেন্টারের মেয়ে অপারেটরদের সঙ্গে কথা বলতে চাইছেন। কেউ বলে আগুন লেগেছে। অথচ আমরা ঘটনাস্থলে যাওয়ার পর দেখি, সেখানে আগুন লাগেনি। যিনি ফোন দিয়েছিলেন তার ফোনও বন্ধ পাওয়া যায়। এমন কল আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি। আমাদের ফোন রিসিভের ক্যাপাসিটি যদি শতভাগ থাকে তাহলে ৮০ ভাগই এ ধরনের অপ্রয়োজনীয় কল নিয়ে ব্যস্ত থাকতে হয়।’

সরকারের জরুরি সেবার নম্বরটি টোল ফ্রি। এ সুযোগে মোবাইলের ব্যালান্স শেষ হলেই অনেকে ৯৯৯- এ কল দিয়ে বলেন, মোবাইলে রিচার্জ করে দেন

আনোয়ার সাত্তার, পরিদর্শক, জাতীয় জরুরি সেবা

তিনি আরও বলেন, যারা বারবার এ ধরনের প্র্যাংক কল করে অপারেটরদের সময় নষ্ট করছেন তাদেরকে ২/৩ মাসের জন্য ব্লক করে দেয়া হয়। এছাড়া সম্প্রতি মন্ত্রিসভায় একটি নীতিমালা করা হয়েছে। সেই নীতিমালা অনুযায়ী, তথ্য দেওয়ার নামে কেউ প্রতারণা করলে বা মিথ্যা তথ্য দিলে দণ্ডবিধি অনুযায়ী তাকে শাস্তি ভোগ করতে হবে।

মোবাইলে ব্যালান্স শেষ, রিচার্জ করে দিন

সরকার জরুরি সেবার নম্বরটি টোল ফ্রি বা বিনামূল্যে করার ব্যবস্থা রেখেছে। এ সুযোগে মোবাইলের ব্যালান্স শেষ হলেই ৯৯৯- এ কল দেন অনেকে। ৯৯৯ ইউনিট জানায়, প্রতিদিনই এ ধরনের কল আসে। ফোন দিয়েই ৯৯৯- এর অপারেটরদের কাছে মোবাইলে টাকা রিচার্জ করে দিতে বলা হয়। কিন্তু প্রতিনিধিরা রিচার্জ করে দিতে না পারায় অনেক সময় তাদের প্রতি বিরূপ প্রতিক্রিয়াও দেখান কলাররা।

৯৯৯- এর রেকর্ড ঘেঁটে দেখা গেছে, গেল বছরের (২০২০ সাল) অক্টোবর-নভেম্বরের দিকে একজন ফোন দিয়ে বলেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে জমিজমা নিয়ে সমস্যা। দ্রুত মিটিয়ে দেয়ার ব্যবস্থা করতে। একজন মেয়ে ফোন দিয়ে বলেন, তার বাবা তার সঙ্গে খারাপ আচরণ করেন। কেউ বলেন, আসামি গ্রেফতার করতে।

অনেক সীমাবদ্ধতার মধ্যেও এটি অনেক ইতিবাচক দিক। এ সেবার মাধ্যমে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ তাদের বিপদের মুহূর্তে পুলিশসহ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছেন। অগণিত মানুষের জীবন বাঁচাতে সক্ষম হয়েছি আমরা। ৯৯৯- এর সেবার মান আরও বৃদ্ধির জন্য আমরা নানা উদ্যোগ হাতে নিয়েছি

মো. সোহেল রানা, এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর), পুলিশ সদরদপ্তর

এ ধরনের কল নিয়ে ইন্সপেক্টর আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯- এর কনসেপ্টটা হচ্ছে জরুরি সার্ভিসের জন্য। জরুরি ক্ষেত্রে শুধুমাত্র পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। অথচ এখন পর্যন্ত প্রায় ৬৬ লাখ নাগরিক তাদের নানাবিধ ব্যক্তিগত সমস্যা নিয়ে ফোন দিয়েছেন, যেটা জরুরি নয়। তবুও আমরা এসব ক্ষেত্রে করণীয় সম্পর্কে উপদেশ দেই।

ব্ল্যাংক কল

একের পর এক ফোন আসে। রিসিভ করলে ও-পাশ থেকে কোনো শব্দ শোনা যায় না। তবে ফোনও কাটে না। জরুরি সেবায় এ ধরনের কলের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় এক কোটি ১৮ লাখ। বিভিন্ন কারণে এ ধরনের ব্ল্যাংক কলগুলো আসে। কলগুলোর সংখ্যা কমানোর চেষ্টা চলছে।

বিজনেস নিউজ /আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com