August 24, 2026, 10:04 pm

পাওনা টাকা দিতে না পারায় মা-মেয়েকে ‘গাছে বেঁধে নির্যাতন’

পাওনা টাকা দিতে না পারায় মা-মেয়েকে ‘গাছে বেঁধে নির্যাতন’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঋণ পরিশোধ করতে না পারায় এক নারী ও তার মেয়েকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে উঠেছে পাওনাদার ও তার লোকজনের বিরুদ্ধে।

কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার উপজেলার সিরাজপুর এলাকায় এ ঘটনায় সাতজনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।‘ নির্যাতনের শিকার’ নারীরা সিরাজপুর এলাকার মৃত এক ব্যক্তির স্ত্রী ও তার ১৬ বছর বয়সী মেয়ে।

ওসি বলেন, পাঁচ বছর আগে স্বামী মারা যাওয়ার পর ওই নারী একটি পোশাক কারখানায় চাকরি শুরু করেন। তার মেয়ে একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।

সম্প্রতি ‘জীনের বাদশা’ পরিচয় দিয়ে এক প্রতারক ওই নারীর সঙ্গে যোগাযোগ করে প্রলোভন দেখায়, মোটা অংকের টাকা দিলে সে সংসারের অভাব-অনটন দূর করে দিতে পারবে।

পরে ওই টাকা যোগাড় করতে সেই নারী স্থানীয় আব্দুল গফুর ড্রাইভার ও মনির হোসেনের পরিবারসহ কয়েকজনের কাছ থেকে সুদে ঋণ করেন। কিন্তু নির্ধারিত সময়ে ওই টাকা পরিশোধ করতে পারেননি।টাকা ফেরত দেওয়ার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহীম এক মাসের সময়ও বেঁধে দেন বলে জানান ওসি মনোয়ার।

ভুক্তভোগী ওই নারী বলেন, আমি ওই টাকা ফেরত দিতাম, কিন্তু ওই সময় শেষ হওয়ার আগেই তারা আমার বাড়ি ঘেরাও করে আমাকে আর আমার মেয়েকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে আমাদের আহত অবস্থায় উদ্ধার করে। পরে আমি এ ঘটনায় সাতজনকে আসামি করে মামলা করি।

এ বিষয়ে প্রশ্ন করলে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইব্রাহীম সিকদার বলেন, খবর পেয়ে আব্দুর রশিদের বাড়িতে গিয়ে দেখি মা-মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মারধর করছে। পরে তাদের সেখান থেকে উদ্ধার করেছি।

যিনি নির্যাতন করেছেন বলে অভিযোগ করা হচ্ছে, সেই আব্দুল গফুর বলেন, টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হয়েছে। কিন্তু কাউকে বেঁধে মারধর করা হয়নি। এ অভিযোগ মিথ্যা।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com