May 26, 2026, 1:26 am
সাধারণ বীমা কোম্পানির এজেন্ট কমিশন বাতিল করে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ফলে ব্যবসা অর্জন বা বীমা পলিসি বিক্রির বিপরীতে এজেন্টদের কোনো ধরনের কমিশন দেয়া যাবে না। আগামী ১ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) আইডিআরএ চেয়ারম্যান ড. এম. মোশাররফ হোসেনের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সাধারণ বীমা কোম্পানিগুলোতে পাঠানো হয়েছে।
নির্দেশনায় আইডিআরএ জানিয়েছে, ‘নন-লাইফ বীমাখাতে কর্তৃপক্ষ কর্তৃক অনেকগুলো পদক্ষেপ নেয়া সত্ত্বেও কমিশন এ বিষয়ে শৃঙ্খলা সম্পূর্ণরূপে নিশ্চিত হচ্ছে না বিধায় এ খাতে শৃঙ্খলা আনয়নের স্বার্থে বীমা আইন, ২০১০ এর অধীনে বীমা এজেন্ট নিয়োগ ও নিবন্ধন প্রবিধানমালা গেজেট আকারে প্রকাশিত না হওয়া পর্যন্ত নন-লাইফ বীমাখাতে কমিশন সংক্রান্ত বিষয়ে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো।’
নন-লাইফ (সাধারণ) বীমাখাতে ব্যবসা অর্জন বা সংগ্রহের বিপরীতে ১৫ শতাংশ বীমা এজেট কমিশন প্রদান সংক্রান্ত সার্কুলার (নং নন-লাইফ ৩২/২০১২, তারিখ ১ এপ্রিল ২০১২) এবং নন-লাইফের কমিশন হার সংক্রান্ত জারি করা অন্যান্য নির্দেশনাবলী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।
নন-লাইফ বীমাখাতে ব্যবসা অর্জন বা সংগ্রহের বিপরীতে বীমা এজেন্ট কমিশন ১৫ শতাংশের পরিবর্তে শূন্য শতাংশ নির্ধারণ করা হলো।
উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা কর্মকর্তাদের সংগ্রহ করা প্রিমিয়ামের শতকরা হারে দেয়া যাবে না। চুক্তিভিত্তিক নিয়োগ বাদে সকল উন্নয়ন কর্মকর্তার নিয়োগপত্রে সংশ্লিষ্ট বীমাকারীর পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা উল্লেখ ও প্রদান করতে হবে।
সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা কর্তৃপক্ষের সার্কুলার (নন-লাইফ ৬৪/২০১৯)-এর তিন নম্বর দফায় উল্লেখ করা ব্যবস্থাপনা ব্যয়ের জন্য নির্ধারিত ব্যাংক হিসাব থেকে কর্মকর্তা-কর্মচারীদের নিজ ব্যাংক হিসাবে ট্রান্সফার বা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে দিতে হবে।
উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সংক্রান্ত মাসিক প্রতিবেদন পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত ছকে কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।
বিজনেস নিউজ/এমআরএম