October 10, 2026, 6:34 pm

অচিরেই বাংলাদেশ এনডিবির সদস্য পদ অর্জন করতে পারবে: অর্থমন্ত্রী

অচিরেই বাংলাদেশ এনডিবির সদস্য পদ অর্জন করতে পারবে: অর্থমন্ত্রী

ব্রিকস জোট প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সদস্য পদ পেতে যেসব শর্ত রয়েছে, তার সবগুলোই বাংলাদেশের রয়েছে। আশা করছি- অচিরেই বাংলাদেশ এনডিবির সদস্য পদ অর্জন করতে পারবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এনডিবির প্রেসিডেন্ট মি. মার্কোস প্রাদো ট্রয়জোর সঙ্গে এক ভার্চুয়াল সভায় এ কথা বলেন অর্থমন্ত্রী।

এনডিবির প্রেসিডেন্টও বাংলাদেশের অগ্রগতির বিষয়ে একমত পোষণ করেন এবং তিনি সক্রিয়ভাবে বাংলাদেশর প্রস্তাব বিবেচনা করেন। অতি দ্রুতই পরিবারসহ বাংলাদেশ সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মার্কোস প্রাদো ট্রয়জো।

ভার্চুয়াল সভায় বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এনডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সভার শুরুতে অর্থমন্ত্রী এনডিবির প্রেসিডেন্টকে ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের আদ্যক্ষর নিয়ে গঠিত ব্রিকস জোট প্রতিষ্ঠিত একটি ব্যাংক। এর সদস্য হওয়ার পথে অনেকটা এগিয়ে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ বিষয়ে অর্থমন্ত্রী ও এনডিবির প্রেসিডেন্টের মধ্যে আলোচনা হয়।

এনডিবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৫ সালের ২১ জুলাই। ব্যাংকটির মোট মূলধন ১০ হাজার কোটি মার্কিন ডলার। আর প্রাথমিক মূলধন ৫ হাজার কোটি ডলার। ২০১৬ সাল থেকে এনডিবি অবকাঠামো এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্রিকসভুক্ত দেশে ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে। এছাড়া ব্যাংকটি অবকাঠামো, সেচ, পানি সম্পদ ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন, সবুজ জ্বালানি এবং নগর উন্নয়ন খাত সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে ঋণ প্রদান করে থাকে।

ভার্চুয়াল সভায় অর্থমন্ত্রী এবং এনডিবির প্রেসিডেন্টের মধ্যে এনডিবিতে বাংলাদেশের ভূমিকা, নতুন ব্যাংকের ঋণের শর্তাবলীসহ বিনিয়োগ খাত এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে এনডিবির সদস্যভুক্তির মূল কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে একটি কারিগরি কমিটি গঠন করা হবে এবং এ বিষয়ে পরবর্তীতে বিশদভাবে আলোচনা করা হবে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com