November 29, 2026, 1:58 am
করোনা ভ্যাকসিন বেক্সিমকোর মাধ্যমে আসছে এমন খবরে পুজিবাজারে বেক্সিমকো ও বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মার শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ছে। এক মাসের ব্যাবধানে বেক্সিমকোর শেয়ারদর ৩২ থেকে ৭২ টাকায় পৌছেছে। এদিকে বেক্সিমকো ফার্মার শেয়ারদর একমাসে ১৪০ তেকে ২০০ টাকায় পৌছেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১২ ডিসেম্বর যেখানে বেক্সিমকোর শেয়ারদর ছিল ৩২ টাকা ৬০ পয়সা সেখানে আজ ১১ জানুয়ারি কোম্পানিটির শেয়ারদর ৭২ টাকা ছাড়িয়েছে। আর করোনার মধ্যে গত জুনেও বেক্সিমকোর শেয়ারদর ছিল ১৩ টাকা। অন্যদিকে এক মাসে বেক্সিমকো ফার্মার শেয়ারদর বেড়েছে প্রায় ৬০ টাকা। গত জুনে যেখানে কোম্পানিটির শেয়ারদর ৭৩ টাকা তা ছয় মাসের ব্যবধানে ২০০ টাকা ছুয়েছে।
এদিকে আজ পুঁজিবাজারে লেনদেনে শীর্ষ স্থান দখল করে নেয় বেক্সিমকোর দুই কোম্পানি। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। এদিন কোম্পানিটির ১৬৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৩৫কোটি ৬৫ লাখ টাকার।
কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮৭৬ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ পাঁচ হাজার ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা।
কোম্পানিটির মোট ৮৭ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৮৭৯টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৩০ দশমিক ৫৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২১ দশমিক ১৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে এক দশমিক ৬৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৬ দশমিক ৫৯ শতাংশ শেয়ার রয়েছে।
২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৯ টাকা ৩৩ পয়সা। এর আগে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে সাত টাকা ৪৮ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭২ টাকা ৯৬ পয়সা।