October 19, 2026, 9:56 am

বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিডা

বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও বিডা

বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিডার কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এ আশাবাদ ব্যক্ত করেন। উন্নত বাংলাদেশ বিনির্মাণে অধিকহারে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার লক্ষ্যে বিডা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে এই সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ব্যাংকটি সুনামের সঙ্গে দীর্ঘ ১১৫ বছর গ্রাহক সেবা দিয়ে আসছে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় পরিণত হয়েছে। আমরা আমাদের বৈশ্বিক পদচারণা ও সক্ষমতা ব্যবহার করে করোনাভাইরাস পরবর্তী বিশ্বে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার জন্য বিডার প্রচেষ্টাকে আরও বেশি বিস্তৃত করতে সক্ষম হব। আমরা আশা করি আজ এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার ফলে আমাদের সহযোগিতার ক্ষেত্র অনেক বেশি বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত সোনার বাংলার যে স্বপ্ন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, একটা দীর্ঘ সময় পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা সেই দিকে এগোচ্ছি। গত ১২ বছরে তার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা অবিশ্বাস্য। অবকাঠামোগত উন্নয়নসহ আমাদের বিনিয়োগ বেড়েছে বহুগুণ। একই সঙ্গে আমাদের কিছু টার্গেট আছে ২০২৪ সালে মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশের লক্ষ্য মাত্রা নিয়ে এগিয়ে যেতে হবে, যা অধিকহারে বিদেশি বিনিয়োগ ছাড়া সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সব সংস্থাকে একযোগে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।

এ সময় তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বিডার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এর ফলে বিনিয়োগে আকর্ষণ করা আরও সহজ ও দ্রুত হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দেশি ও বিদেশি নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের জন্য মুখ্য খাতগুলো (কৃষি-ব্যবসা, আইসিটি, ইলেকট্রনিকস, প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং, জাহাজ নির্মাণ, পর্যটন, নবায়নযোগ্য শক্তি ও স্বাস্থ্য) উচ্চ মানের, উচ্চ প্রযুক্তি সম্পন্ন এবং উন্নয়নের পক্ষে উচ্চ প্রভাবশালী বিনিয়োগ বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য চীন-বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট বিডা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ সহযোগিতার প্রথম উদ্যোগ। এই সম্মেলনে বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বের সম্ভাবনা এবং উভয় দেশের মধ্যকার উচ্চ-সম্ভাবনাময় বাণিজ্য এবং বিনিয়োগ করিডোরের সুযোগ-সুবিধা তুলে ধরা হবে।

আশা করা যাচ্ছে, বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতের নেতৃবৃন্দের সঙ্গে চীনের সরকারি-বেসরকারি খাতের নীতি নির্ধারক, বিনিয়োগকারী, ব্যাংকার ও অর্থনীতিবিদসহ তিন শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে যোগ দেবেন।

অনুষ্ঠানে বিডার পরিচালক মো. শাহ আলমের উপস্থাপনায় বিডার নির্বাহী সদস্য মো. মোশারফ হোসেন স্বাগত বক্তব্য দেন। এ সময়ে স্ট্যান্ডার চার্টার্ড ব্যাংক ও বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com