October 23, 2026, 3:39 pm
টানা তিন সপ্তাহ দাম বাড়ার পর বড় দরপতনের মধ্যে পড়েছে পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত হওয়া ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার। এক শ্রেণির বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় গত সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষস্থানে চলে এসেছে প্রতিষ্ঠানটির নাম।
চলতি বছরের ২৬ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়। বিএসইসির অনুমোদন নিয়ে ভবন নির্মাণ, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচের জন্য পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করে প্রতিষ্ঠানটি।
গত ২ ডিসেম্বর লেনদেনে শুরুর আগেই কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হওয়া অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত জানায়। যার প্রভাবে আইপিওতে ১০ টাকা করে বিক্রি হওয়া কোম্পানিটির শেয়ার দফায় দফায় বেড়ে গত সপ্তাহের লেনদেন শুরুর আগে ৪২ টাকা ৬০ পয়সায় ওঠে।
তবে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শুরু হতেই কোম্পানিটির শেয়ারের দাম পতনের মধ্যে পড়ে। পরের তিন কার্যদিবসও চলে দরপতন। সপ্তাহের শেষ কার্যদিবস শেয়ারের দাম কিছুটা বাড়লেও পতনের হাত থেকে রক্ষা পায়নি।
বিনিয়োগকারীদের একটি অংশ প্রতিষ্ঠানটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়ে শেয়ারের দাম কমেছে ১৮ দশমিক ৭৮ শতাংশ। টাকার অঙ্কে দাম কমেছে ৮ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৪ টাকা ৬০ পয়সায়, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৪২ টাকা ৬০ পয়সা।
অপরদিকে, দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৫৪ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৮৫ লাখ ১৩ হাজার টাকা।
ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল ইউনিলিভার কনজুমার কেয়ার। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৫ দশমিক ৯৪ শতাংশ। এরপরেই রয়েছে জিকিউ বলপেন। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৩ দশমিক ৪৩ শতাংশ।
এছাড়া, গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ইনটেক লিমিটেড ১০ দশমিক ৭৫ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পের ১০ দশমিক ৫০ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৯ দশমিক ১০ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৪৭ শতাংশ, অ্যারামিট লিমিটেডের ৭ দশমিক ৮৬ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৭ দশমিক ৮১ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৭ দশমিক ৫২ শতাংশ দাম কমেছে।
বিজনেস নিউজ/এসআর