October 7, 2026, 2:17 pm
বাংলাদেশে সমরাস্ত্র ও নির্মাণ শিল্পে তুরস্ক বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু।
তিনি বলেন, তুরস্কের প্রয়োজনীয় সমরাস্ত্রের ৭৫ শতাংশ নিজেরাই তৈরি করে থাকে। তবে বাংলাদেশ আগ্রহী হলে সমরাস্ত্র খাতে তুরস্ক বিনিয়োগ করতে পারে।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু। বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিরক্ষা খাতে সহযোগিতা বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের প্রতিরক্ষাপণ্যের গুণগত মান অত্যন্ত ভালো, দাম অত্যন্ত সুলভ এবং এগুলো কিনতে কোনো শর্ত আরোপ করা হয় না। আমি নিশ্চিত, বাংলাদেশ এই সুবিধাগুলোর সুযোগ নেবে।
মেভলুত চাভুসুগ্লু বলেন, বাংলাদেশের নির্মাণ শিল্পের বেশিরভাগ প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে। তবে তুরস্কের এ খাতে দক্ষতা রয়েছে। বাংলাদেশ আগ্রহী হলে আমরা এ খাতে বিনিয়োগে আগ্রহী।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে দুইদিনের সফরে ঢাকায় আসেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বুধবার বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি বৈঠক করেন। এদিন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।