August 28, 2026, 10:12 pm

আজ থেকে শুরু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদন

আজ থেকে শুরু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদন

ঢাকা মহানগরীসহ দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে। ভর্তিসংক্রান্ত যাবতীয় নিয়মাবলি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আজ (১৫ ডিসেম্বর) ১০টা থেকে https://gsa.teletalk.com.bd এই ওয়েবাইটের মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। ৩০ ডিসেম্বর লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

করোনা পরিস্থিতিতে এ বছর বিদ্যালয় থেকে ভর্তি ফরম বিতরণ করা হবে না। ঢাকা মহানগরীর পাশাপাশি বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে পরিশোধ করা যাবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

শিক্ষার্থীদের কোনো কোটা থাকলে তা আবেদনে যথাযথভাবে উল্লেখ করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট বা ডাউনলোড কপি ভর্তিসংক্রান্ত যেকোনো প্রয়োজনে সংরক্ষণে রাখতে মাউশি অধিদপ্তর থেকে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ শিক্ষাবর্ষের জন্য ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে প্রথম শ্রেণি রয়েছে ১৭টি বিদ্যালয়ে। রাজধানীর সব কটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে তিনটি গুচ্ছে ভাগ করা হয়েছে। প্রতিটি গুচ্ছে পৃথক আবেদন করতে হবে। তবে একটি গুচ্ছ থেকে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে শিক্ষার্থীরা। প্রতিটি বিদ্যালয়ের জন্য ৫০ শতাংশ ‘এলাকা কোটা’ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখতে পাবে। তখন প্রার্থীরা সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে।

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনলাইনে অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ করে ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী www.dshe.gov.bd এর secondary circular/order অথবা www.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজনেস নিউজ / এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com