May 31, 2026, 7:46 am
শীত জেঁকে বসতে না বসতেই শীতের পোশাক কিনতে শুক্রবার ছুটির দিনে রাজধানীর বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ঢল নেমেছে। সকাল থেকেই রাজধানীর ফুটপাতে ভাসমান দোকান থেকে শুরু করে ছোট-বড় মার্কেট ও শপিংমলগুলোতে আবালবৃদ্ধবনিতাদের ভিড় দেখা গেছে।
ক্রেতাদের কেউ একা আবার কেউবা পরিবার-পরিজন নিয়ে মার্কেটে এসেছেন। তারা ঘুরেফিরে দেখেশুনে পছন্দসই বিভিন্ন ধরনের গরম পোশাকসামগ্রী (সোয়েটার, জ্যাকেট, কার্ডিগান, শালচাদর, ব্লেজার, কম্বল, কানটুপি, হাতমোজা, পামোজা, হ্যান্ডগ্লাভস) কিনেছেন।
গত দুদিন ধরে রাজধানী ঢাকায় কুয়াশাছন্ন আবহাওয়া, হিমেল বাতাস ও শীত একটু বেশি অনুভূত হওয়ায় নগরবাসীরা শীতকে মোকাবিলার আগাম প্রস্তুতি হিসেবে গরম পোশাক কিনছেন বলে জানান। আর তাই হাতে হাতে দেখা গেছে, শীতের কাপড়ের এক বা একাধিক প্যাকেট।

শুক্রবার (১১ ডিসেম্বর) সরেজমিনে রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে এ দৃশ্য দেখা গেছে। নিউমার্কেট, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, হাতিরপুল, বঙ্গবাজার ও গুলিস্তান এলাকার ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন মার্কেট ও শপিংমলে গিয়ে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছেন প্রতিবেদক। আজ ছুটির দিন হওয়াতে ক্রেতাদের ভিড় তুলনামূলক অনেক বেশি দেখা যায়। এতে নগরীর বিভিন্ন সড়কে যানবাহনের দীর্ঘ জট লেগে যায়।
রাজধানীর রায়েরবাজারের বাসিন্দা গৃহবধূ সুলতানা জামান তার দু’বছর বয়সী ছেলেকে নিয়ে নিউমার্কেট সংলগ্ন চন্দ্রিমা সুপার মার্কেটে এসেছেন। তিনি ছেলের জন্য একটি গরম কাপড়ের দোকানে কানটুপি, হাত ও পায়ের দুজোড়া মোজা দেখছিলেন। দোকানি একদাম ৪০০ টাকা চাইলে তিনি বলেন, ‘সপ্তাহখানেক আগেই তো ৩০০ টাকায় নিলাম। এখন ১০০ টাকা বেশি চাইছেন।
এই গৃহবধূর কথার জবাবে দোকানি বলেন, ‘আর একটু বেশি শীত পড়লে এ দামেও কিনতে পারবেন না। চাহিদা এখন অনেক বেশি। তাই যাদের কাছ থেকে মাল কিনে আনি তারাও দাম বাড়িয়ে দিয়েছে।

এলিফ্যান্ট রোড ঘুরে দেখা গেছে, ফুটপাতে বেশিরভাগ পোশাক এক দামে বিক্রি হচ্ছে। বাটা সিগন্যালের অদূরে ফুটপাতের সোয়েটার বিক্রেতা সাজু মিয়া বলেন, বড় বড় দোকানিরা বেশি দাম চাইলেও কাস্টমার তেমন দামাদামি করেন না। কিন্তু ফুটপাত থেকে কিনতে আসলে দাম যা চাওয়া হয় তার অর্ধেক দামে কিনতে চান। এ কারণে একদামে বিক্রি করছেন। একদামে কারও মন চাইলে কিনবেন না চাইলে কিনবেন না।
শুক্রবার বিকেলে বসুন্ধরা শপিংমলের একটি ব্র্যান্ডের দোকান থেকে সাড়ে তিন হাজার টাকায় একটি ব্লেজার কিনেছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আজিমপুরের বাসিন্দা সাইদুজ্জামান। তিনি বলেন, গত দুদিন বেশ শীত পড়েছে। তাই আজ ছুটির দিনে পছন্দসই ব্লেজারটি কিনেছেন। শীত পড়েছে বিধায় দাম শ পাঁচেক টাকা বেশি মনে হলো বলে তিনি জানান।
রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মুখে মাস্ক ব্যবহার ও কমপক্ষে দুই ফুট দূরত্ব বজায় রাখা ও জনসমাগম পরিহারের পরামর্শ দিলেও সবাই তা মানছেন না। অধিকাংশের মুখে মাস্ক থাকলেও ফুটপাত ও মার্কেট সর্বত্রই গায়ে গা ঘেষে সবাই চলাফেরা করছেন।
বিজনেস নিউজ/এমআরএম