May 26, 2026, 7:28 am
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ৩৯তম অবস্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস মঙ্গলবার (০৮ ডিসেম্বর) তালিকাটি প্রকাশ করেছে।
ফোর্বসের এই বার্ষিক তালিকায় এসেছে ৩০টি দেশের বিভিন্ন বয়সী নারীদের নাম। তাদের মধ্যে রাষ্ট্র বা সরকারপ্রধান আছেন ১০ জন। ৩৮ জন বিভিন্ন কোম্পানির সিইও।
টানা দশমবারের মতো তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। আর টানা দ্বিতীয়বারের মতো দ্বিতীয় অবস্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লগার্ড।
আর তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিস। এবারই প্রথম তার নাম উঠেছে এ তালিকায়।
এবারও তালিকায় চতুর্থ স্থানে আছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন। আর বিল গেটস পত্নি মেলিন্ডা গেটস আছেন পঞ্চম স্থানে।
তালিকায় স্থান পাওয়া নারীদের বয়স, জাতীয়তা কিংবা কাজের ধরনে পার্থক্য থাকতে পারে। কিন্তু তারা সবাই তাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন ২০২০ সালের মৌলিক চ্যালেঞ্জগুলো মোকাবিলার লক্ষ্য নিয়ে।
সাময়িকীটি লিখেছে, বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। তিনি বর্তমানে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
ফোর্বস লিখেছে, এবারের মেয়াদে শেখ হাসিনা খাদ্য নিরাপত্তা এবং জনগণের শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে গুরুত্ব দিচ্ছেন। শেখ হাসিনার অবিরাম সংগ্রাম বাংলাদেশে গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তি দিয়ে যাচ্ছে।
নিউজিল্যান্ডের তরুণ প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান আছেন এবারের তালিকার ৩২তম স্থানে। এ বছর টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি।
ক্ষমতাধর নারীদের এই তালিকায় এই উপমহাদেশের রাজনীতিবিদদের মধ্যে আরও আছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের, তিনি আছেন ৪১তম স্থানে।