October 24, 2026, 3:05 am
অভিনেত্রী অপর্ণা ঘোষ বিয়ে করেছেন এমন গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই উড়ে বেড়াচ্ছিল শোবিজের বাতাসে। তবে এ নিয়ে মুখ খোলেননি দেশের জনপ্রিয় এই অভিনেত্রী।
অবশেষে সব গুঞ্জন উড়িয়ে জানা গেল সত্যিই বিয়ে করছেন অপর্ণা ঘোষ। সোমবার পারিবারিকভাবে বাগদানের পর্ব সম্পন্ন হয়েছে অপর্ণার। আগামী ১০ ডিসেম্বর অপর্ণার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
জানা গেছে, অপর্ণা ঘোষের বরের নাম সত্যজিৎ দত্ত। তিনি পেশায় আইটি ইঞ্জিনিয়ার। জাপানে পড়াশোনা করেছেন। চট্টগ্রামে গ্রামের বাড়িতে বর ও কনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ, পরিচালক শাফায়াত মুনসুর রানাসহ আরো অনেকে।
অভিনেত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী বছরের শুরুতে জমকালো আয়োজনে রিসিপশনের অনুষ্ঠান হবে তাদের। বর-কনের পরিবারের পাশাপাশি সেখানে উপস্থিত থাকবেন শোবিজে অপর্ণার সহকর্মীরা।
উল্লেখ্য, নিয়মিত নাটক-চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী অপর্ণা। তার বেশকিছু আলোচিত নাটকের পাশাপাশি তিনি কাজ করেছেন ‘সুতপার ঠিকানা’, ‘ভুবনমাঝি’ নামের আলোচিত সিনেমাগুলোতে।