November 28, 2026, 11:42 pm

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেনও

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেনও

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই শেয়ারবাজারে বড় উত্থান হল।

মূল্যসূচকের বড় উত্থান হলেও দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে বড় উত্থানের আভাস পাওয়া যায়। প্রথম ঘণ্টার লেনদেনেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শেষ পর্যন্ত সূচকের এই উত্থান প্রবণতা অব্যাহত থাকে। তবে শেষ দিকে সূচকের উত্থান প্রবণতা কিছুটা কমে।

ফলে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্যসূচকের এই উত্থানের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১২৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৪০টি এবং ৮৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারটিতে লেনদেন হয়েছে ৮৪৮ কোটি ১২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৪৩ কোটি ৮০ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৪ কোটি ৩২ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৫৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৩৯ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩২ কোটি ৫৮ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে রিপাবলিক ফাইন্যান্স।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, অ্যাসোসিয়েটড অক্সিজেন এবং ন্যাশনাল ফিড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৭২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯১ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৫টির এবং ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com