May 30, 2026, 12:21 pm

শাক-সবজির দাম কমলেও বেড়েছে তেলের দাম

শাক-সবজির দাম কমলেও বেড়েছে তেলের দাম

দেশের বাজারে কয়েক মাস ধরেই ভোজ্যতেলের দাম বাড়তি। ঢাকার বাজারে আরও বেড়েছে ভোজ্যতেলের দাম।  বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। এদিকে বাজারে শীতের সবজি আসায় কমেছে শাকসবজির দাম। পাশাপাশি কমেছে পেঁয়াজ মুরগি ও ডিমের দাম।

আজ শুক্রবার (৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।

ব্যবসায়ীরা জানান, বিপণনকারী কোম্পানিগুলো আরেক দফা বাড়িয়ে বাজারে নতুন দামে তেল ছাড়তে শুরু করেছে। রূপচাঁদা, ফ্রেশ, তীরসহ বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫৮০ থেকে ৬২৫ টাকা। আর এক লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ থেকে ১২৫ টাকা।

শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা যায়, কিছু কিছু দোকানে পুরোনো মূল্যের তেল বিক্রি হচ্ছে। সেগুলোর পাঁচ লিটারের বোতলের মোড়কে লেখা মূল্য ৫৫৫ থেকে ৫৭০ টাকা। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে বাজারে এখন সয়াবিন তেলের এক লিটারের বোতলের দাম ১১০ থেকে ১২০ টাকা, যা এক মাস আগের তুলনায় ১০ টাকা বেশি।

ব্যবসায়ীরা বলছেন, ভোজ্যতেলের দাম বাড়ার কারণ আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি। বিশ্বব্যাংকের পণ্যবাজার পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে প্রতি মেট্রিক টন সয়াবিন তেলের গড় দাম ছিল ৭০৭ মার্কিন ডলার। নভেম্বর তা দাঁড়িয়েছে ৯৭৪ ডলারে।

এদিকে বাজারে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে। দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৫ টাকা কমে ৬০ থেকে ৬৫ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে বিক্রি করতে দেখা যায়। বাজারে বিভিন্ন ধরনের সবজি প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকা, ডিম প্রতি ডজন ৮৫-৯০ টাকা ও ব্রয়লার মুরগি প্রতি কেজি ১২৫ টাকায় বিক্রি করতে দেখা যায়। বিক্রেতারা এসব পণ্যের দাম কমেছে বলে জানান। অন্যান্য পণ্যের দামে তেমন কোনো হেরফের নেই।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com