May 2, 2026, 4:35 am

কোন কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে বিডি ল্যাম্পসের শেয়ার দর

কোন কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে বিডি ল্যাম্পসের শেয়ার দর

শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানিটির গত ১৫ নভেম্বর থেকে ধারাবাহিকভাবে দর বাড়ছে। ডিএসইতে গত ১৫ নভেম্বর কোম্পানির শেয়ারদর ছিল ১৪০ টাকা ৯০ পয়সা, গত ৩০ নভেম্বর লেনদেন হয় ২১৪ টাকা ৯০ পয়সায়। এ হিসাবে মাত্র ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৭৪ টাকা। আর এ দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

এদিকে কোম্পানিটি ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৮৮ পয়সা (লোকসান) এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৯৮ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করেছে।

এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর এক দশমিক ১৬ শতাংশ বা দুই টাকা ৫০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২১২ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ২১২ টাকা ৪০ পয়সা। ওইদিন এক লাখ ৮২ হাজার ৯৩৬টি শেয়ার মোট এক হাজার ৮৪৮ বার হাতবদল হয়, যার বাজারদর তিন কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com