August 31, 2026, 4:50 pm

ইরানের বিজ্ঞানী হত্যায় কঠিন বদলা নেয়ার ঘোষণা

ইরানের বিজ্ঞানী হত্যায় কঠিন বদলা নেয়ার ঘোষণা

ইরানের স্বনামধন্য পরমাণুবিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি শুক্রবার (২৭ নভেম্বর) রাতে এই হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ও ইহুদিবাদী ইসরাইলের ভাড়াটে সন্ত্রাসীরা ইরানের আরেকজন বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করেছে।

নিহত ফাখরিজাদেহকে ইরানের প্রতিরক্ষা খাতের শীর্ষস্থানীয় ব্যবস্থাপক হিসেবে উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আজকের পর্যায়ে নিয়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এই বিশিষ্ট পদার্থবিজ্ঞানীর হত্যাকাণ্ডকে ইরানের প্রতিরক্ষা খাতের জন্য বড় রকমের ক্ষতি হিসেবে উল্লেখ করেন দেশটির সেনাপ্রধান। তিনি বলেন, শত্রুদের জেনে রাখা উচিত- ফাখরিজাদেহ যে পথ দেখিয়ে দিয়ে গেছেন তা কখনও বন্ধ হওয়ার নয়।

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ইরানের একটি গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির পেছনে হাত ছিল ফাখরিজাদের। অন্যদিকে, ইরান সবসময়ই বলে আসছে, শান্তিপূর্ণ কাজের জন্যই তাদের এই পরমাণু কর্মসূচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এ হত্যাকাণ্ডকে ‘রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন।

জারিফ এই হামলার জন্য ইসরায়েরলকে দায়ী করে বলেন, এ হামলায় ‘ইসরায়েলি ভূমিকার গুরুতর ইঙ্গিত’ রয়েছে।

২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি বক্তব্যে ফাখিরাজাদের নাম বিশেষভাবে উল্লেখ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু।

মোহসেন ফাখরিজাদে শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলার জেরে নিহত হন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তেহরানের অদূরে দামাভান্দ কাউন্টির আবসার্দ শহরের একটি সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা ফাখরিজাদেকে বহনকারী গাড়িতে হামলা চালায়।

এ সময় ইরানের এই পরমাণুবিজ্ঞানীর দেহরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয় এবং মোহসেন ফাখরিজাদে গুরুতর আহত হন। তাকে হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তিনি মারা যান।

সূত্র: আল-জাজিরা, পার্সটুডে।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com