August 29, 2026, 4:12 pm

পুঁজিবাজারে চালু হচ্ছে ওপেনিং ও ক্লোজিং সেশন

পুঁজিবাজারে চালু হচ্ছে ওপেনিং ও ক্লোজিং সেশন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বাভাবিক লেনদেন সময়ের বাইরে অতিরিক্ত ২৫ মিনিট শেয়ার কেনাবেচার আদেশ প্রদান ও লেনদেন করার সুযোগ তৈরি হচ্ছে। এক্সচেঞ্জটির আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ বিষয়ে অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহে পরীক্ষামূলকভাবে এ সেশন শুরুর পরিকল্পনা করছে ডিএসই।

বিভিন্ন দেশের পুঁজিবাজারে লেনদেনের এমন সুযোগ আছে। দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অনেক আগে থেকে এ সুযোগ রয়েছে। ক্লোজিং সেশনের কারণে সিএসইতে লেনদেন প্রতিদিন কিছু না কিছু বেশি হয়।

ডিএসই সূত্রে জানা যায়, বিশ্বের অনেক পুঁজিবাজারে ওপেনিং ও ক্লোজিং সেশন আছে। ওপেনিং সেশনের কারণে বাজার চালুর আগে একটি শেয়ারের ওই দিনের দর কেমন হতে পারে, সেটির ধারণা পাওয়া যাবে। আবার লেনদেন শেষ হওয়ার পরও চাইলে ক্লোজিং প্রাইসে শেয়ার কেনাবেচার সুযোগ পাওয়া যাবে। এ দুই সেশন চালু হলে বর্তমানে লেনদেন প্ল্যাটফর্মে যে চাপ তৈরি হয় তা কিছুটা কমবে।

বিএসইসি সূত্রে জানা যায়, ডিএসইর প্রি-ওপেনিং ও ওপেনিং সেশন হবে সকাল পৌনে ১০টা থেকে সকাল ১০টা। সকাল ১০টায় এ বাজারে স্বাভাবিক লেনদেন শুরু হয়। এ সেশনে বিনিয়োগকারীরা শুধু শেয়ার কেনা বা বেচার আদেশ দিতে পারবেন। এ সেশনে ক্রেতা ও বিক্রেতার ক্রয় ও বিক্রয় মূল্য মিলে গেলেও স্বাভাবিক লেনদেন সময় শুরুর আগে কোনো লেনদেন সম্পন্ন হবে না। সকাল ১০টায় লেনদেনের শুরুতে যেসব আদেশের দর মিলে যাবে, সেগুলোর শেয়ার স্বয়ংক্রিয়ভাবে হাতবদল হয়ে যাবে। বাকি সময় বর্তমানের মতো স্বাভাবিক লেনদেন হবে, যা শেষ হবে দুপুর আড়াইটা পর্যন্ত।

সূত্র আরও জানা যায়, দুপুর আড়াইটায় স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার পর শুরু হবে ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন। এর ব্যাপ্তি হবে ১০ মিনিট। এ সময়ে বিনিয়োগকারীরা নতুন করে কোনো শেয়ারদর প্রস্তাব করতে পারবেন না। শুধু ক্লোজিং প্রাইসে শেয়ার কেনা বা বেচার সুযোগ পাবেন। এ সেশন শেষ হবে দুপুর ২টা ৪০ মিনিটে।

প্রি-ওপেনিং ও ওপেনিং সেশনের প্রস্তাবিত দরে শেয়ার আদেশ কার্যকর করার উদাহরণ দিতে গিয়ে সংশ্নিষ্ট কর্মকর্তারা জানান, ধরা যাক ‘এক্স’ নামের কোনো শেয়ারের জন্য একাধিক ক্রেতা ১০ টাকা দরে ৫০টি শেয়ার, ৯ টাকা দরে ১২০টি এবং ৮ টাকা দরে ১০টি শেয়ার কেনার আদেশ দিয়েছেন। এসব ট্রেড বোর্ডে দেখা যাবে। অন্যদিকে একাধিক বিক্রেতা ওই শেয়ার ১১ টাকা দরে ৫০টি, ১০ টাকা দরে ১০০টি এবং ৯ টাকা দরে ১০০টি শেয়ার বিক্রির আদেশ দিয়েছেন। এসব বিক্রির আদেশ ট্রেড প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে। চাইলে ক্রেতা ও বিক্রেতা সকাল ১০টায় লেনদেন শুরুর আগে দর ও শেয়ার সংখ্যা বাড়াতে বা কমাতে পারবেন। অর্থাৎ স্বাভাবিক লেনদেন সময়ের মতো কেনাবেচার আদেশ সংশোধন করার সুযোগ আছে।

সকাল ১০টায় স্বাভাবিক লেনদেন সেশন শুরুর সঙ্গে সঙ্গে যেসব দরের ক্রয় ও বিক্রয় আদেশ মিলে যাবে, সেগুলো কার্যকর হয়ে যাবে। যেমন- এক্ষেত্রে এক্স শেয়ারের ১০ টাকা দরে ৫০টি শেয়ারের ক্রয় আদেশের বিপরীতে ১০০টি বিক্রির আদেশ থাকায় শুধু ৫০টি শেয়ার কেনাবেচা হবে। বিক্রেতাদের ১০ টাকা দরে ৫০টি শেয়ার বিক্রির আদেশ রয়ে যাবে। এর বাইরে ৯ টাকা দরে ১২০টি শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা আছে ১০০টি শেয়ারের। ফলে এখানে ১০০টি শেয়ার লেনদেন হয়ে যাবে, বাকি ২০ শেয়ারের তখনও ক্রয় আদেশ দেখাবে। এছাড়া ৮ টাকা দরে শেয়ার ক্রয় আদেশের বিপরীতে কোনো বিক্রেতা না থাকায় এবং ১১ টাকা দরে শেয়ার বিক্রির আদেশের বিপরীতে কোনো ক্রেতা না থাকায় এ দুটি আদেশ কার্যকর হবে না।

সংশ্নিষ্ট কর্মকর্তারা জানান, প্রি-ওপেনিং ও ওপেনিং সেশন চালু হলে স্বাভাবিক লেনদেন সময়ের শুরুতে কোনো শেয়ারের ওপেনিং প্রাইসের পরিবর্তন হতে পারে। বর্তমানে আগের দিনের ক্লোজিং প্রাইসকেই ওপেনিং দর হিসেবে দিনের লেনদেন শুরু হয়। তবে বোনাস বা রাইট শেয়ারের জন্য দর সংশোধন হলে, ওই দরকে ওপেনিং প্রাইস হিসেবে ধরা হয় এবং এর ভিত্তিতে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা নির্ধারিত হয়।

স্টক এক্সচেঞ্জ সূত্র জানায়, এ দুই সেশন চালুর ফলে কোনো শেয়ারের আগের দিনের ক্লোজিং প্রাইসের তুলনায় ওপেনিং প্রাইসের পরিবর্তন আসতে পারে। এক্ষেত্রে সম্ভাব্য পরিবর্তনের কারণে তিনটি নিয়ম অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। প্রথম নিয়মটি হলো- এ সেশনের ক্রয় ও বিক্রয় আদেশের মধ্যে যে দরে সর্বাধিক সংখ্যক শেয়ার কেনাবেচা হবে, সেটিই হবে ওই দিনে ওই শেয়ারের ওপেনিং প্রাইস। অবশ্য এ কারণে সার্কিট ব্রেকারে কোনো পরিবর্তন হবে না। সার্কিট ব্রেকার নির্ধারিত হবে আগের দিনের ক্লোজিং প্রাইসের হিসাবে। এ দুই সেশনের কারণে ক্লোজিং প্রাইসের নিয়মে কোনো পরিবর্তন হবে না। সূত্র: সমকাল

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com